ফরিদপুরের মধুখালী পৌরসভার গুরুত্বপূর্ণ বাজারে ড্রেনেজ ব্যবস্থা না থাকা এবং প্রভাবশালীদের দখলের ফলে রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। ফলে দূর-দূরান্ত থেকে প্রতিদিন শত শত ক্রেতা সাধারণ চরম ভোগান্তির শিকার হচ্ছে। মধুখালী পৌরসভায় অবস্থিত গুরুত্বপূর্ণ বাজারটিতে ঈদকে সামনে রেখে প্রতিদিন ক্রেতা সাধারণের ভিড়। প্রতি সপ্তাহে শুক্র এবং শনিবার হাটের দিনে এ গুরুত্বপূর্ণ বাজারটিতে হাজার হাজার মানুষের সমাগম ঘটে। অথচ বাজারের মধ্যদিয়ে চন্দনা নদী সংলগ্ন খাল ২টি ভরাট করে প্রভাবশালীরা দ্বিতলা মার্কেট করে দখলে নিয়েছে। ফলে পানি নিষ্কাশনের ব্যবস্থা বন্ধ হয়ে গেছে।
এ ব্যাপারে বাজার ব্যবস্থাপনা কমিটি প্রায় ২/৩ বছর আগে খাল এবং ড্রেন অবৈধ দখলদারদের হাত থেকে উচ্ছেদের জন্য উপজেলা নির্বাহী অফিসার বরাবর বাজার ব্যবস্থাপনা কমিটি রেজুলেশন দেয় অনেক আগেই। প্রশাসনের পক্ষ থেকে এর কোন প্রতিকার নেয়া হয়নি। এ ব্যাপারে পৌর প্রশাসক রমেন্দ্র নাথ বিশ্বাস বলেন, মধুখালী বাজারের অবৈধ দখলদারদের উচ্ছেদের জন্য কার্যক্রম হাতে নেয়া হবে।
