ভাইরাসের কারণে সাতক্ষীরার পান চাষীরা ক্ষতিগ্রস্ত

আপডেট : ০৪ অক্টোবর ২০১৩, ২১:৩৪
মারাত্মকভাবে ক্ষতি হচ্ছে সাতক্ষীরার পান চাষ। ভাইরাসের আক্রমণে আস্তে আস্তে হলুদ হয়ে যাচ্ছে। ওষুধ স্প্রে করেও কোন উপকার হচ্ছে না কৃষকদের। গতবছর জেলায় ১৬৬ হেক্টর জমিতে পান চাষ হলেও এবছর ৫০৫ হেক্টর জমিতে পান চাষ হয়েছে। পান চাষ বাড়লেও চলতি মৌসুমে সাতক্ষীরায় পান চাষ করে লাভবান হতে পারেনি চাষীরা। অন্য বছরে যে বরজে পাঁচ লাখ টাকা খরচ করে দুই লাখ টাকা লাভ হয়েছে এ বছর সেই বরজে একই টাকা খরচ করে দুই লাখ টাকা লোকসান হয়েছে কৃষকদের। কোন কোন বরজ একেবারেই নষ্ট হয়ে গেছে। তাই দিন দিন কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়ে সংসার চালাতে না পেরে তাদের পৈতৃক পেশা ছেড়ে অন্য পেশার কাজ করতে বাধ্য হচ্ছে। বরজের মালিকরাও শ্রমিদের আগের মত মজুরি দিতে পারছে না। দৈনিক ৪শ’ টাকার স্থলে ২শ’ টাকা প্রদান করায় তাদের পোষাচ্ছে না । এ ব্যাপারে কৃষকরা কৃষি অফিসে বার বার তাগিদ দিয়েও কোন কর্মকর্তাকে বরজে আনতে পারেনি বলে অভিযোগ কৃষকদের। এ ব্যাপারে সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ীর উপ-পরিচালক মো. সোলইমান হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি কৃষকদের অভিযোগ অস্বীকার করেন।