জামালপুর জেলার ইসলামপুরে পুরাতন ব্রহ্মপুত্র নদের উপর নির্মিত ৫৬০ মিটার দৈর্ঘ্য দু’টি ব্রিজের মধ্যে যেকোন একটি ব্রিজের নামকরণ করার জন্য মুক্তিযুদ্ধের ১১নং সেক্টর কমান্ডার ‘কে’ ফোর্সের অধিনায়ক বীর মুক্তিযোদ্ধা শহীদ ব্রিগেডিয়ার জেনারেল খালেদ মোশাররফ বীরউত্তমের নামে নামকরণের দাবি জানিয়েছেন জেলার মুক্তিযোদ্ধারা। ৩০ সেপ্টেম্বর সোমবার জামালপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের পক্ষ থেকে জরিনা মিয়ারউদ্দিন গার্লস হাইস্কুলে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই দাবি জানানো হয়েছে। শহীদ ব্রিগেডিয়ার জেনারেল খালেদ মোশাররফ বীরউত্তম জামালপুরের ইসলামপুর উপজেলার মোশাররফগঞ্জে জন্মগ্রহণ করেন। মুক্তিযোদ্ধাদের দাবি এই বীরের নামে জেলার কোথাও কোন সরকারি/বেসরকারি স্থাপনার নামকরণ না থাকায় মুক্তিযোদ্ধারা প্রধানমন্ত্রীর কাছে এই দাবি জানিয়েছেন। ওই সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শফিকুল ইসলাম খোকা, সাবেক কমান্ডার সরকার আব্দুস সালাম বকুল, সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল বাছেদ, বীরপ্রতীক সৈয়দ সদরুজ্জামান হেলাল, বীরপ্রতীক বসির আহম্মেদ, বীরপ্রতীক মতিউর রহমান, বীরপ্রতীক এনায়েত হোসেন সুজা। এ সময় জেলার শতাধিক মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, আগামী ১০ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইসলামপুরের ব্রহ্মপুত্র নদের উপর ব্রিজ দু’টির ভিত্তিপ্রস্তর স্থাপনের কথা রয়েছে।
