মুসলিম ব্রাদারহুডের সম্পদ জব্দ হচ্ছে

আপডেট : ০৪ অক্টোবর ২০১৩, ২১:৩৫
কার্যক্রম নিষিদ্ধ করার পর এবার মুসলিম ব্রাদারহুডের সম্পদ জব্দ করতে যাচ্ছে মিশর সরকার। কার্যক্রম নিষিদ্ধ করার আগে গোষ্ঠীটির নেতাদের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড় অভিযান চালায় মিশরীয় কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ জানিয়েছে, সম্পদ জব্দ করার পাশাপাশি গোষ্ঠীটির পরিচালিত ব্যাপক সামাজিক কার্যক্রম নিষিদ্ধ করাসহ হাসপাতাল, স্কুল ও বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠান অধিগ্রহণ করা হবে। সমপ্রতি আদালতের এক আদেশে ব্রাদারহুডের কার্যক্রম নিষিদ্ধ হয়। তবে আপিলের জন্য কিছুটা বিলম্বের পর আদালত ব্রাদারহুড নিষিদ্ধের রায় নিশ্চিত করে। মিশরের সামাজিক ঐক্য মন্ত্রণালয়ের কর্মকর্তা হানি মাহান্না বলেছেন, “শেষ রায়ের পর আইনিভাবেই তারা এখন নিষিদ্ধ।” মুসলিম ব্রাদারহুড নিষিদ্ধকরণের বিষয়টি তদারক করা ঐ মন্ত্রণালয়ের মুখপাত্র মাহান্না জানিয়েছেন, ব্রাদারহুডের তহবিলের উত্স ও এর সম্পদ অধিগ্রহণের বিষয়ে তদন্ত করার জন্য মন্ত্রিসভা একটি কমিটি গঠন করেছে।