কঠোর অবরোধের মুখোমুখি হবে পাকিস্তান:যুক্তরাষ্ট্র

আপডেট : ০৪ অক্টোবর ২০১৩, ২১:৩৫
কোটি কোটি ডলার ব্যয়ে ইরান-পাকিস্তান গ্যাস পাইপ লাইনের কার্যক্রম যদি সামনের দিকে আরো এগিয়ে নেয়া হয় তবে পাকিস্তানের ওপর কঠোর অবরোধ আরোপ করতে পারে যুক্তরাষ্ট্র। গতকাল শুক্রবার কংগ্রেসে আলোচনাকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনীতিবিষয়ক শীর্ষ পর্যায়ের এক কূটনীতিক আইন প্রণেতাদের উদ্দেশে একথা বলেন। খবর টাইমস অব ইন্ডিয়া। উইন্ডি শারমান বৈদেশিক সম্পর্কবিষয়ক সিনেট কমিটির সদস্যদেরকে বলেন, এ ব্যাপারে দেশটির সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। খুব শীঘ্রই কোন সমাধানে পৌঁছানো যাবে বলে মনে করছেন না এই কূটনীতিক। তবে পাকিস্তান আমাদের অবস্থান সম্পর্কে সম্পূর্ণ ওয়াকিবহাল রয়েছে। গত সপ্তাহে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইরানের সাথে গ্যাস চুক্তি এগিয়ে নেয়ার বিষয়ে দৃঢ়প্রত্যয় ব্যক্ত করার পর দেশটির পক্ষ থেকে এই মন্তব্য করা হলো। এছাড়া ঐ কূটনীতিক আরো জানান, যদি পাকিস্তান এ প্রকল্পে অগ্রসর হয় তবে সেটা হবে ইরানের ওপর আরোপিত অবরোধের স্পষ্ট লংঘন।