চাঁদার দাবিতে বিয়ে বাড়িতে হামলা, নিহত ১ আহত ৫

আপডেট : ০৪ অক্টোবর ২০১৩, ২১:৩৬
গাইবান্ধার গোবিন্দগঞ্জে গতকাল শুক্রবার সকালে বিয়ে বাড়ি থেকে চাঁদা না পেয়ে সন্ত্রাসী হামলায় ১ জন নিহত ও ৫ জন আহত হয়েছেন। জানা গেছে, উপজেলার ছোট সোহাগী গ্রামের ধলু মিয়ার কন্যা আলেফার বিয়ে উপলক্ষে স্থানীয় ক্লাবের সদস্যরা ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করলে গত রবিবার আলেফার স্বামী নতুন জামাই আব্দুর রাজ্জাককে ক্লাবের সদস্যরা আটক রেখে ৮ হাজার টাকা নিয়ে ছেড়ে দেয়। শুক্রবার সকালে পুনরায় চাঁদার দাবিতে ধলু মিয়ার বাড়িতে চাঁদা দাবিকারীরা হামলা চালালে মঞ্জু (৩০), রফিকুল ইসলাম (৩২), রোকেয়া বেগম (৫০), শফিকুল ইসলাম (২৫), নুরুল আমিন (৫০), শাবানা (৩০) আহত হয়। আহতদের হাসপাতালে নেয়ার পথে মঞ্জু মিয়া মারা যান। মঞ্জু ওই গ্রামের দুদু মিয়ার পুত্র। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।