আজ গফরগাঁওয়ের স্থানীয় শহীদ দিবস। ১৯৭১ সালের এই দিনে পাকবাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে উপজেলার মশাখালী ইউনিয়নের শিলা বাজারের কাছে ৫ বীর মুুক্তিযোদ্ধা শহীদ হন। শহীদ মুক্তিযোদ্ধাদের একই গণকবরে সমাহিত করে সহযোদ্ধা মুক্তিযোদ্ধারা। স্থানীয় মুক্তিযোদ্ধারা এই দিনটিকে শহীদ দিবস হিসেবে পালন করেন।
জানা গেছে ১৯৭১ সালের ৫ অক্টোবর শীলা ব্রিজ ও শীলা বাজারের সম্মুখ যুদ্ধে শহীদ হন ১৪ বছরের কিশোর মুক্তিযোদ্ধা ভালুকা উপজেলার মনিহরপুর গ্রামের এবি সিদ্দিক, গফরগাঁও উপজেলার মশাখালী গ্রামের আব্দুল আওয়াল জানু, দরিচাইরবাড়িয়া গ্রামের মজনু মিয়া, মুখী গ্রামের চাঁন মিয়া ও আবুল হোসেন। মুক্তিযুদ্ধের এত বছর পরেও আওলাজুর গ্রামে ৫ শহীদ মুক্তিযোদ্ধার গণকবর আজো অবহেলিত ও উপেক্ষিত। গণকবরে শহীদ মুক্তিযোদ্ধাদের নাম ফলক পর্যন্ত নেই। মুক্তিযোদ্ধাদের দাবি, এখানে একটি স্থায়ী স্মৃতিসৌধ নির্মাণের।
