দেশের বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় ৮ জনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে।-খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের।
বরিশাল
আগৈলঝাড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে শিপ্রা রায় (২২) নামে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু হয়েছে। সে প্রফুল্ল রায়ের স্ত্রী। দৈনন্দিন কাজ করতে গিয়ে বাড়ির পুকুরে পা পিছলে পড়ে যায়। আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়।
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা)
গোবিন্দগঞ্জে গত বৃহস্পতিবার জেলেভান (৫০) নামের এক মহিলার রহস্যজনক মৃত্যু হয়েছে। খবর পেয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে লাশ মর্গে প্রেরণ করেছে। মৃত জেলেভান উপজেলার ছোট মারিয়া গ্রামের আবু বক্করের স্ত্রী। এদিকে একই উপজেলার চানপাড়া স্কুল সংলগ্ন একটি জমি থেকে গত বুধবার সন্ধ্যায় পুলিশ এক নবজাতকের লাশ উদ্ধার করেছে। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।
চান্দিনা ও বুড়িচং (কুমিল্লা)
চান্দিনায় মোটর ওয়ার্কশপে কাজ করার সময় গত বৃহস্পতিবার বিকালে সিফাত (১৩) নামে এক শ্রমিকের মৃত্যু হয়। সে চান্দিনা বাজার এলাকার মহারং এলাকার সিরাজুল ইসলামের ছেলে।
ওয়ার্কশপে একটি ট্রাক্টরের লাঙ্গলে কাজ করার সময় ট্রাক্টরের চালক হঠাত্ ট্রাক্টরটি স্টার্ট দিলে নাঙ্গলের সাথে পেঁচিয়ে ঘটনাস্থলে সে মারা যায়। ঘটনার পর পর ওয়ার্কশপ মালিক ও ট্রাক্টর চালক পালিয়ে যায়।
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ)
শিবগঞ্জ উপজেলার মহদীপুরে গত বৃহস্পতিবার দুপুরে বজ্রপাতে মাকসুদা খাতুন (১৪) নামে এক ছাত্রী নিহত ও তিনজন আহত হয়েছেন। সে ছত্রাজিতপুর উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী। আহতরা হলেন রুমা (২৫), রেহেনা (২৩) ও শাহনাজ (২৪)। আহতদের চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কমলগঞ্জ (মৌলভীবাজার)
কমলগঞ্জ উপজেলায় কাঁঠালকান্দি গ্রামে গত বৃহস্পতিবার সন্ধ্যায় বিদ্যুত্স্পৃষ্টে হাসিম মিয়া (৩০) নামে একজনের মৃত্যু হয়। এ বিষয়ে থানায় মামলা হয়েছে।
রামগতি (লক্ষ্মীপুর)
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরজগবন্ধু এলাকায় গতকাল শুক্রবার দুপুরে বিষপান করে মা বকুল বেগম (৪২) ও মেয়ে তানিয়া বেগম (১৮) নামে দুইজন আত্মহত্যা করে। তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিত্সাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
