আবৃত্তি পরিষদ নওগাঁ (আপন)-এর ২৬তম বর্ষপূর্তি অনুষ্ঠানমালার অংশ হিসেবে নাট্যসংগঠন স্বপ্নদলের দর্শকনন্দিত ও আলোচিত প্রযোজনা ‘ত্রিংশ শতাব্দী’-এর সফল মঞ্চায়ন অনুষ্ঠিত হলো গত ৪ অক্টোবর সন্ধ্যায় নওগাঁ করনেশন হল সোসাইটি মিলনায়তনে। বাদল সরকারের মূল রচনা অবলম্বনে যুদ্ধবিরোধী গবেষণাগার নাট্য ‘ত্রিংশ শতাব্দী’-র রূপান্তর ও নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন।
যুদ্ধ-সংঘাত-হানাহানির বিরুদ্ধে শৈল্পিক প্রতিবাদ ‘ত্রিংশ শতাব্দী’ প্রযোজনার মূল-কাহিনি পৃথিবীর ইতিহাসের সর্বাপেক্ষা কলঙ্কজনক অধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে জাপানের হিরোশিমা-নাগাসাকির আণবিক বোমা বিস্ফোরণের বিষাদময় পরিণতি। এর সমান্তরালে গুরুত্বের সঙ্গে উপস্থাপিত হয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বসনিয়া-ফিলিস্তিন, আফগানিস্তান, পাকিস্তান-ভারত, ইরাকে আগ্রাসন প্রভৃতি প্রসঙ্গ।
