সারাদেশে অনুষ্ঠিত হচ্ছে ‘ইংলিশ ইন অ্যাকশনের মেলা’। যুক্তরাজ্য সরকারের অর্থায়নে একটি বৃহত্ পরিসরের ইংরেজি শিক্ষার কার্যক্রম ইংলিশ ইন অ্যাকশন (ইআইএ) দেশব্যাপী মেলার আয়োজন ২৮ সেপ্টেম্বর থেকে শুরু করে, এই মেলাটি বরিশালের ৮টি উপজেলাসহ ঢাকা, খুলনা এবং সিলেটের ৩৭টি উপজেলায় অনুষ্ঠিত হবে। ‘আনন্দে শিখি ইংরেজি-ইংলিশ ইন অ্যাকশন’ শিরোনামের এই সিরিজটির সাথে সম্পৃক্ত থাকবেন শিক্ষক, ছাত্র এবং দেশজুড়ে ইংরেজি শিখতে আগ্রহীরা।
কমিউনিকেটিভ পদ্ধতিতে পাঠ, খেলা এবং মোবাইলের মাধ্যমে ইংরেজি শিক্ষার ব্যাপারে জনগণকে সচেতন ও আরও আগ্রহী করে তুলতে ইংলিশ ইন অ্যাকশন প্রকল্পের প্রচারণা হিসেবে এই মেলাটির আয়োজন করা হয়েছে। এই মেলাটির লক্ষ্য হলো এর মাধ্যমে সব শ্রেণীর মানুষকে ইংলিশ ইন অ্যাকশনের পদ্ধতি ব্যবহারের একটি অনন্য এবং অভিনব সুযোগ ও অভিজ্ঞতা দেওয়া। সহজ এবং বিনোদনমূলক পদ্ধতিতে ইংরেজি শিক্ষার বক্তব্যই তুলে ধরবে এই মেলা। সরকারের প্রাথমিক শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা কার্যক্রমের অধীনে উপজেলা শিক্ষা দপ্তরগুলোর সহায়তায় আয়োজিত হচ্ছে এই মেলা।
