তালেবান হামলা থেকে বেঁচে যাওয়া পাকিস্তানি কিশোরী শিক্ষাকর্মী মালালা ইউসুফজাই আনা পোলিতকোভাস্কায়া পুরস্কার পেয়েছেন। রাশিয়ার খুন হওয়া সাংবাদিক পোলিতকোভাস্কায়ার নামে প্রবর্তিত মানবাধিকার পুরস্কারের বিজয়ী হিসেবে শুক্রবার মালালার নাম ঘোষণা করা হয়ে বলে দ্য ডন জানিয়েছে। প্রতিবছর ‘র ইন ওয়ার’ গোষ্ঠী একজন নারী অধিকার আন্দোলনকর্মীকে এই পুরস্কার দিয়ে থাকে। র ইন ওয়ার মালালাকে এই পুরস্কারের জন্য বিবেচনার কারণ হিসেবে জানিয়েছে, যখন কেউ কথা বলতে সাহস পেতো না তখন ১৬ বছর বয়সী মালালা সাহসিকতার সঙ্গে এগিয়ে এসেছে কথা বলেছে। তার এই দৃঢ়তা অনেক নারী এবং মেয়েকে উত্সাহিত করেছে। এ ছাড়াও নারী শিক্ষার উন্নয়নে তার দৃঢ়বিশ্বাসও এই পুরস্কারের জন্য তাকে বিবেচনা করার অন্যতম কারণ। লন্ডনে ১০৪ বছর বয়সী নিকোলাস উইন্টনের কাছ থেকে মালালার পুরস্কার গ্রহণের কথা রয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন নিকোলাস উইন্টন নাজি অধিকৃত চেকোস্লাভাকিয়া থেকে ইহুদি শিশুদের উদ্ধার করেছিলেন।
