ঔপনিবেশিক ফ্রান্স ও পরাশক্তি যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে যার দুর্দান্ত পরিকল্পনায় কমিউনিস্ট ভিয়েতনাম জয়লাভ করেছিল সেই কিংবদন্তী জেনারেল ভো নগুয়েন গিয়াপ ১শ’ দুই বছর বয়সে মারা গেছেন।
১৯৫৪ সালে দিয়েন বিয়েন ফুতে তার নেতৃত্বাধীন বাহিনীর কাছে ফরাসি বাহিনীর পরাজয় ভিয়েতনামে ঔপনিবেশিক শাসনের চির অবসান ঘটিয়েছিল। এরপর যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চলা দীর্ঘ লড়াইয়ের সময় তিনি ভিয়েতনামের প্রতিরক্ষামন্ত্রী হিসেবে মার্কিনবিরোধী যুদ্ধে নেতৃত্ব দেন। এ যুদ্ধে ভিয়েতনাম বাহিনীর মোড় ঘুড়িয়ে দেয়া অভিযান ‘টেট আক্রমণ’ তার পরিকল্পনার ফসল। মার্কিন বাহিনীর পরাজয়ের পথে ভিয়েতনাম বাহিনীর এ আক্রমণকেই মাইলফলক হিসেবে বিবেচনা করা হয়। সামরিক কৌশলের ওপর জেনারেল গিয়াপের লেখা অনেকগুলো বই প্রকাশিত হয়েছে।
১৯১২ সালে ঔপনিবেশিক ভিয়েতনামের (ফরাসি ইন্দোচীন) মধ্যাঞ্চলীয় কুয়াঙবিন প্রদেশে তিনি জন্মগ্রহণ করেছিলেন। মাত্র ১৪ বছর বয়সে তিনি উপনিবেশবিরোধী গোপন প্রতিরোধ আন্দোলনে যোগ দেন। ভিয়েতনাম স্বাধীন হয় দুই ভাগে বিভক্ত হয়ে। কমিউনিস্ট শাসিত উত্তর ভিয়েতনাম আর যুক্তরাষ্ট্র পন্থী দক্ষিণ ভিয়েতনাম। দক্ষিণ ভিয়েতনামে কমিউনিস্ট বিদ্রোহ দেখা দিলে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করে। যার ফলে শুরু হয় ইতিহাসখ্যাত ভিয়েতনাম যুদ্ধ। পরবর্তীতে ১৯৭৩ সালে মার্কিন বাহিনী দক্ষিণ ভিয়েতনাম ছেড়ে যায়। দুই ভিয়েতনাম এক ভিয়েতনামে পরিণত হয়।
