ভারতের অন্ধ্র প্রদেশ রাজ্য ভেঙে পৃথক তেলেঙ্গানা রাজ্য গঠনের সিদ্ধান্ত মন্ত্রিসভায় অনুমোদনের পর ওই অঞ্চলের পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। এই সিদ্ধান্তের প্রতিবাদে একজন কেন্দ্রীয় মন্ত্রী পদত্যাগ করেছেন এবং আরো তিনজন মন্ত্রী পদত্যাগের ঘোষণা দিয়েছেন। হায়দারাবাদ শহরসহ ভারতের দক্ষিণের ১০টি জেলা নিয়ে গঠিত হতে যাচ্ছে এই প্রদেশটি। গত কয়েকবছর ধরেই ভারতের ২৯তম এই প্রদেশটির বিরুদ্ধে বিক্ষোভ করছিল জনগণ।
গত শুক্রবার উপকূলীয় অন্ধ্র ও রায়লসীমা অঞ্চলে ৪৮ ঘণ্টার বন্ধ্ শুরু হয়েছে। অখণ্ড অন্ধ্র প্রদেশের সমর্থকদের ডাকা এ ধর্মঘটে ওই অঞ্চলের জনজীবন অচল হয়ে পড়েছে। ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা গত বৃহস্পতিবার অন্ধ্র প্রদেশ ভেঙে তেলেঙ্গানা রাজ্য গঠনের বিষয়টি অনুমোদন করে। এর প্রতিবাদে ওই দিনই পদত্যাগ করেন দক্ষিণী রাজনীতিক কেন্দ্রীয় পর্যটনমন্ত্রী কে চিরঞ্জীবী। এছাড়া কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী এম এম পল্লম রাজু, বস্ত্রমন্ত্রী কে এস রাও এবং কোটলা সূর্য প্রকাশ রেড্ডি পদত্যাগের ঘোষণা দিয়েছেন। অখণ্ড অন্ধ্র প্রদেশের সমর্থকেরা শুক্রবার সকালে রায়লসীমা ও উপকূলীয় অন্ধ্র অঞ্চলের প্রায় সব মহাসড়ক বন্ধ করে দেন। ।
কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদনের পর তেলেঙ্গানা রাজ্য প্রতিষ্ঠার প্রস্তাব এখন যাবে রাষ্ট্রপতি প্রণব মুখার্জির কাছে। রাষ্ট্রপতি তা অনুমোদনের জন্য অন্ধ্র প্রদেশের বিধানসভায় পাঠাবেন। তবে বিধানসভার সিদ্ধান্ত মানতে বাধ্য নয় কেন্দ্রীয় সরকার।
তারপরও বিধানসভায় ওই প্রস্তাব যাতে পাস না হয়, সেজন্য একসঙ্গে কাজ করার ঘোষণা দিয়েছেন রায়লসীমা ও উপকূলীয় অন্ধ্রের বিধায়ক ও কয়েকজন মন্ত্রী।
