সাবেক স্বামীর ছুরিকাঘাতে পরীক্ষার্থী আহত

আপডেট : ০৫ অক্টোবর ২০১৩, ২১:১১
পাকুন্দিয়া ডিগ্রি কলেজের উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত বিএ পরীক্ষার্থী ও পাকুন্দিয়া পৌরসদর হাপানিয়া গ্রামের রহমত উল্লাহর মেয়ে লাকি (২৫) সাবেক স্বামীর ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছে। শুক্রবার পাকুন্দিয়া ডিগ্রী কলেজ কেন্দ্রে সমাজ বিজ্ঞান বিষয়ে পরীক্ষা দিতে লাকি বাড়ি থেকে বাহির হয়। পৌর সদর বাজারের পাট মহালের মোড়ে পৌঁছলে সাবেক স্বামী মিজানুর রহমান মিনু তাকে ছুরিকাঘাত করে দৌঁড়ে পালিয়ে যায়। তাকে পাকুন্দিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিত্সক মলয় কুমার সেন অবস্থা আশংকাজনক দেখে লাকিকে কিশোরগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেন। পরে সেখান থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হচ্ছে। তার অবস্থা আশঙ্কাজনক। ৮ বছর আগে লাকির বিয়ে হয়েছিল উপজেলার বাহাদিয়া গ্রামের মৃত আ. কদ্দুছের পুত্র বর্তমানে অবসরপ্রাপ্ত সেনা সদস্য মিজানুর রহমান মিনুর সঙ্গে। তাদের সংসারে তারিব (৭) নামের এক পুত্র সন্তান রয়েছে। গত ২০ সেপ্টেম্বর লাকি বিয়ে করে গফরগাঁও উপজেলার বাঁশিয়া গ্রামের মাওলানা আবদুল হালিমকে।