দেশের বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় নয়জনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। -খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের।
নান্দাইল (ময়মনসিংহ)
নান্দাইল পৌর শহরের চারআনিপাড়া গ্রামে গত শুক্রবার বিকালে শেয়াল মারার বিদ্যুতের তৈরি ফাঁদে পড়ে আব্দুর রহিম (৪২) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
মহেশপুর (ঝিনাইদহ)
উপজেলার কৈলাশপুর গ্রামে গত শুক্রবার বিকালে গর্তে পড়ে আয়ুব আলীর পুত্র আব্দুর রহিম (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
চৌহালী (সিরাজগঞ্জ)
সিরাজগঞ্জের এনায়েতপুর থানার চাঁদপুর চরে গতকাল শনিবার দুপুরে বজ্রপাতে ২ শিশু নিহত এবং এক বৃদ্ধা আহত হয়েছেন। নিহতরা হলো- মকবুল হোসেনের মেয়ে তাছলিমা (৯) ও বেলাল হোসেনের মেয়ে হালিমা (৭)। আহত জাবেদ শেখের স্ত্রী জাহানারা বেগমকে (৫৫) খাজা ইউনুছ আলী মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কালকিনি (মাদারীপুর)
মাদারীপুরের কালকিনি উপজেলার পৌর এলাকার কাষ্টঘর গ্রামে গত শুক্রবার বিকালে শারমিন আক্তার (১৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
লামা (বান্দরবান)
লামায় ফিলিং স্টেশনের অকটেনের ট্যাংকিতে কাজ করার সময় গত শুক্রবার রাতে তেলের বিষাক্ত গ্যাসের বিষক্রিয়ায় মোহাম্মদ তারিফুল ইসলাম তফু (৩০) নামে একজনের মৃত্যু হয়েছে। পুলিশ ময়না তদন্তের জন্য লাশ জেলা সদর মর্গে প্রেরণ করেছেন।
রাজশাহী
রাজশাহীর তানোর উপজেলার রামনাথপুর গ্রামে গত শুক্রবার সকালে বজ্রপাতে লিটন (১২) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে।
কমলনগর (লক্ষ্মীপুর)
লক্ষ্মীপুরের কমলনগরে গত শুক্রবার দুপুরে মা-মেয়ে অভিমান করে বিষপানে আত্মহত্যা করেছেন। নিহতরা হলেন-মা বকুল বেগম (৪৫) ও মেয়ে তানিয়া বেগম (১৫)।
