অর্থাভাবে কাঙ্ক্ষিত সেবায় অপারগ সিটি করপোরেশন ও পৌরসভা

আপডেট : ০৫ অক্টোবর ২০১৩, ২১:৪৪
অর্থের অভাব এবং জনপ্রতিনিধিদের দুর্বলতার কারণে সিটি করপোরেশন ও পৌরসভাগুলো কাঙ্ক্ষিত নাগরিক সেবা দিতে পারছে না। এসব স্থানীয় সরকার সংস্থাগুলোকে জবাবদিহিতার আওতায় আনার কোন প্রাতিষ্ঠানিক ব্যবস্থাও গড়ে উঠেনি। ফলে ন্যূনতম নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন পৌরসভা ও সিটি কর্পোরেশনের অধিবাসীরা। শনিবার বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) তাদের এক গবেষণা প্রতিবেদনে এই তথ্য তুলে ধরেছে। ৯টি পৌরসভা ও দুটি সিটি করপোরেশনের ১০ জন করে ব্যক্তির ওপর সমীক্ষা চালিয়ে এই গবেষণা করা হয়েছে। এতে মোট উত্তরদাতা ছিলেন ১১০ জন। অনুষ্ঠানে ড. দেবপ্রিয় ভট্টাচার্য জরিপভিত্তিক এ প্রবন্ধটি উপস্থাপন করেন। নরওয়েভিত্তিক প্রতিষ্ঠান ক্রিশিয়ান মাইকেলসন ইনস্টিটিউটের (সিএমআই) সিনিয়র গবেষক অড-হেলগ ফেল্ডস্টেড ও আর্নে উইগ অনুষ্ঠানে আরও দুটি প্রবন্ধ উপস্থাপন করেন। সিপিডির গবেষণায় দেখা যায়, উত্তরদাতা ৬৫ শতাংশ মানুষ মনে করেন দুর্বল নাগরিক সেবার মূল কারণ পর্যাপ্ত অর্থের অভাব। আর ৩৭ শতাংশ উত্তরদাতা মনে করেন কাঙ্ক্ষিত সেবা দেয়ার ক্ষেত্রে মেয়র, কাউন্সিলর ও কর্মকর্তাদের প্রতিশ্রুতির অভাব রয়েছে। তবে পর্যাপ্ত অর্থের অভাবের পাশাপাশি আরও পাঁচটি কারণে কাঙ্ক্ষিত সেবা পাওয়া যাচ্ছে না বলে মনে করেন অধিবাসীরা। এগুলো হলো-জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের প্রতিশ্রুতির অভাব, ঠিকাদার ও জনপ্রতিনিধিদের দুর্নীতি, রাজনৈতিক বিবেচনায় স্থানীয় পর্যায়ে প্রকল্প বাস্তবায়ন, নিম্নপর্যায়ের সামাজিক নিরীক্ষা, সংস্থাগুলোর সক্ষমতার অভাব। গবেষণায় আরও দেখা যায়, পৌরসভা এলাকার ৬৫ শতাংশ উত্তরদাতা সেবার মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। আর সিটি করপোরেশন এলাকায় অসন্তোষের হার ৬০ শতাংশ। সেবার মান নিয়ে অসন্তোষের অন্যতম তিনটি কারণ হলো-দুর্বলমানের সেবা, রাজনীতিকরণ এবং অধিবাসী ও সিটি করপোরেশনের মধ্যে যোগাযোগের অভাব। রাজধানীর ব্র্যাক সেন্টারে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা এইচটি ইমাম। সিপিডির ট্রাস্টি সদস্য ও সাবেক অর্থমন্ত্রী এম সাইদুজ্জামানের সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিপিডির সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আমিরুল ইসলাম, সিপিডির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা শওকত আলী, ডেমোক্রেসি ওয়াচের নির্বাহী পরিচালক তালেয়া রহমান, ময়মনসিংহ সদর উপজেলা চেয়ারম্যান ফয়জুর রহমান ফকির, নবীগঞ্জ পৌরসভার মেয়র তোফাজ্জল ইসলাম চৌধুরী প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে এইচ টি ইমাম বলেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়ানোর জন্য তাদেরকে ক্ষমতা দেয়া উচিত। এতে নাগরিকদের কাছে সহজে সেবা পৌঁছানো সম্ভব হবে। তিনি বলেন, স্বাধীনতার পর পরিকল্পনা কমিশন স্থানীয় সরকার ব্যবস্থা বিকেন্দ্রীকরণের জন্য বিস্তৃত পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু পরে তা আর বাস্তবায়ন হয়নি। দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, রাজনৈতিক কারণে নতুন অনেক পৌরসভা করা হয়েছে। কিন্তু জনগণকে সেবা দেয়ার সক্ষমতা এদের নেই। ফলে মানুষ তার উপকারও কাঙ্ক্ষিত মাত্রায় পাচ্ছে না। আগামী নির্বাচনে সক্ষমতা বৃদ্ধিসহ স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালী করার পাশাপাশি বিকেন্দ্রীকরণের বিষয়টি নির্বাচনী ইশতেহারে আসা উচিত।