মসজিদকে রাখতে হবে রাজনীতির বাইরে। মসজিদের মিম্বর যাতে কোরআন ও হাদিসের বাইরে আলোচনা না হয় সে ব্যাপারে খতিবদের সতর্ক থাকতে হবে। শনিবার রাজধানীতে পীর মাশায়েখ ও খতিব সম্মেলনে বক্তারা এসব কথা বলেছেন।
ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে তাখাস্সুস কোর্স চালু, ফতওয়া বোর্ড, খতিব ওলামা কাউন্সিল গঠন এবং ইসলামের মৌলিক বিষয়ে অপব্যাখ্যা রোধে করণীয় নির্ধারণের লক্ষ্যে পীর মাশায়েখ ও খতিব সম্মেলনে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল। বক্তারা বলেন, দুনিয়ার রাজনীতির বাইরে মসজিদকে রাখতে হবে। পবিত্র কোরআন ও হাদীসের সঠিক ব্যাখ্যা জাতির সামনে তুলে ধরার জন্য আলেম-ওলামাদের মধ্যে সমন্বয় থাকা প্রয়োজন। এজন্য জেলা থেকে শুরু করে জাতীয় পর্যায়ে ওলামা কাউন্সিল থাকা প্রয়োজন। এছাড়াও সব মসজিদকে জাতীয়করণ করতে হবে।
সামীম মোহাম্মদ আফজাল বলেন, সমাজে ধর্মীয় বিষয়ে যেসব মতবিভেদ সৃষ্টি হয় তা যদি খতিবরা একটি নির্দিষ্ট ফোরামে ঐক্যবদ্ধ হয়ে সম্মিলিত সিদ্ধান্তের আলোকে সারাদেশের মসজিদগুলোর মাধ্যমে তুলে ধরতে পারেন তাহলে সব সমস্যা নিরসন করা সম্ভব হবে। ইসলাম খতিবদের যে মর্যাদায় প্রতিষ্ঠিত করেছে তা সমুন্নত রাখার লক্ষ্যে একটি জাতীয় ফোরাম থাকা প্রয়োজন।
তিনি আরও বলেন, বর্তমানে দ্বীনের মৌলিক বিষয়ে অযোগ্য লোকেরা ধর্মের মনগড়া ব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করে চলেছে। এ অবস্থা চলতে পারে না। সহীহ আকীদা পোষণকারী আলেমদের মাধ্যমেই দ্বীনের ব্যাখ্যা হওয়া প্রয়োজন।
বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নর’স এর গভর্নর শায়খ আল্লামা খন্দকার গোলাম মাওলা নকশেবন্দী, চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ্ মসজিদের খতিব মাওলানা জালাল উদ্দিন আল কাদরী, মাওলানা ড. আবদুল কাইয়ূম আজহারী, মাওলানা সাইদুর রহমান মুসলেহীন, মাওলানা আবু জাফর হেলালউদ্দীন প্রমুখ।
