রাজধানীর গাবতলী বাস টার্মিনালে ঢাকা-কলকাতাগামী গ্রীন লাইন পরিবহন থেকে ৮ ডাকাতকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃতরা হলো জাকির হোসেন, মাখন, কামরুল হাসান, হুমায়ুন, শাহাদাত্ শেখ, খোকন, আবু সালেহ ও লাভলু মোল্লা। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহূত ৮টি ধারালো চাকু উদ্ধার করা হয়, যা তাদের জুতার ভিতর অভিনব কায়দায় লুকানো ছিল বলে জানিয়েছে ডিবি।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন শাখার উপ-কমিশনার মাসুদুর রহমান জানান, শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে গাবতলী বাস টার্মিনালের সামনে থেকে ঢাকা থেকে কলকাতাগামী গ্রীন লাইন পরিবহনের শীতাতপ নিয়ন্ত্রিত একটি বাসে তল্লাশি করে ডাকাতদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা ডিবির জিজ্ঞাসাবাদে জানিয়েছে, বাসটি আরিচা পার হয়ে ফরিদপুর অতিক্রমকালে ডাকাতি শুরু করতো এবং ডাকাতি শেষে গাড়ির নিয়ন্ত্রণ নিয়ে সুবিধাজনক স্থানে নেমে যেতো। তারা আন্ত:জেলা ডাকাত দলের সক্রিয় সদস্য।
