দেশের বিভিন্ন স্থানে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। খবর দৈনিক ইত্তেফাক অফিস, জেলা প্রতিনিধি ও নানা সংবাদদাতাদের।
কিশোরগঞ্জ
বেসরকারি উন্নয়ন সংস্থা সাদ বাংলাদেশে জেলা সদরে র্যালি, আলোচনা সভা, কু্ইজ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। জেলা পাবলিক লাইব্রেরী হলে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ও বীর মুক্তিযোদ্ধা ঊষা রানি দেবী এবং বক্তব্য রাখেন সাদ বাংলাদেশের নির্বাহী পরিচালক এম মতিউর রহমান সাগর, অ্যাডভোকেট নাসিরউদ্দিন ফারুকী, অধ্যাপক প্রাণেশ কুমার চৌধুরী, নূরুল হক, মোবারক হোসেন, খুজিস্থা বেগম জোনাকী প্রমুখ।
গোপালগঞ্জ
গোপালগঞ্জে র্যালী ও মতবিনিময় সভার মধ্যদিয়ে বিশ্ব শিক্ষক দিবস পালন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা আব্দুর রশিদ খান ঠাকুর ফাউন্ডেশন। শনিবার গোপালগঞ্জ প্রেসক্লাব থেকে আব্দুর রশিদ খান ঠাকুর ফাউন্ডেশনের উদ্যোগে শহরে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে উপজেলা চত্বরে গিয়ে র্যালীটি শেষ হয়। সেরিনা মেমোরিয়াল একাডেমীর সেমিনার কক্ষে আব্দুর রশিদ খান ঠাকুর ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক বদর খান ঠাকুরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সরকারি বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক গোলাম মোস্তফা। বিশেষ অতিথির বক্তব্য দেন প্রধান শিক্ষক হরি শংকর বিশ্বাস।
বটিয়াঘাটা (খুলনা)
বিশ্ব শিক্ষক দিবসে আলোচনা সভা শনিবার উপজেলা বিআরডিবি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। মানব উন্নয়ন কেন্দ্রের আয়োজনে বটিয়াঘাটা প্রেসক্লাবের সভাপতি শেখ আব্দুল হামিদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ অমিতেষ দাস। বক্তব্য রাখেন সমাজ সেবা অফিসার রফিকুল ইসলাম, যুব উন্নয়ন অফিসার মোনায়েম খান, অধ্যক্ষ বোরহান আক্তার, প্রাথমিক স্কুল শিক্ষক সমিতির সভাপতি যতীন্দ্র নাথ।
মেহেরপুর
শনিবার সকালে স্থানীয় মানব উন্নয়ন কেন্দ্র ও গণসাক্ষরতা অভিযানের আয়োজনে মেহেরপুর জেলা শহরে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) আলমগীর হোসেনের নেতৃত্বে বর্ণাঢ্য র্যালী হয়েছে। র্যালীটি শহর ঘুরে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি চত্বরে শেষ হয়্। পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা লোকমোর্চার সভাপতি প্রফেসর সাইদুর রহমান। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) আলমগীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নিখিল বন্ধন চক্রবর্তী।
পিরোজপুর অফিস
শনিবার পিরোজপুরে শিক্ষকদের আহবান, ‘চাই মর্যাদা, ন্যায্য অধিকার ও জবাবদিহিতা’— এই শ্লোগানে পালিত হচ্ছে বিশ্ব শিক্ষক দিবস। এ উপলক্ষে পিরোজপুর গোপাল কৃষ্ণ টাউন ক্লাব মিলনায়তনে আমার অধিকার সংগঠনের সহযোগিতায় সেমিনারে আয়োজন করে বেসরকারি সংস্থা পিরোজপুর গণ-উন্নয়ন সমিতি। জিয়াউল আহসানের সঞ্চালনে পিরোজপুর গণ-উন্নয়ন সমিতির সভাপতি মোহসেনাতুন নেছার সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক অনল চন্দ্র দাস। বিশেষ অতিথি ছিলেন সহকারী জেলা শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম।
বরিশাল অফিস
শিক্ষক ভবনে আলোচনা সভার সভাপতিত্ব করেন বাংলাদেশ শিক্ষক সমিতি বরিশাল আঞ্চলিক শাখার সভাপতি দাশগুপ্ত আশিষ কুমার। বক্তৃতা করেন শিক্ষক নেতা অধ্যক্ষ ফরিদুল আলম জাহাঙ্গির, আসাদুল আলম আসদ প্রমুখ।
সকালে বাংলাদেশ বেসরকারি কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি বরিশাল শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ হারুন-অর রশিদ খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক অধ্যক্ষ মহসিন-উল ইসলাম হাবুল, আমিনুর রহমান খোকন, মজিবুর রহমান প্রমুখ।
রংপুর
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে শনিবার রংপুরে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদ রংপুর জেলা শাখার উদ্যোগে সকালে রংপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ শিক্ষক সমিতি জেলা শাখার সভাপতি মাসুম হাসানের সভাপতিত্বে এবং বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি জেলা শাখার সাধারণ সম্পাদক রওশানুল কাওছার সংগ্রামের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাসবিশিস রংপুরের সভাপতি অধ্যক্ষ আব্দুল ওয়াহেদ মিঞা, বিটিএর সাধারণ সম্পাদক অধ্যক্ষ আতিয়ার রহমান, শিক্ষক নেতা অধ্যাপক মাসুদার রহমান, অধ্যাপক ময়েনউদ্দিন শাহ, অধ্যাপক বেনজির আহম্মদ, অধ্যাপক আব্দুর রউফ সরকার, অধ্যাপক আহম্মদ হোসেন সরকার, মোহাম্মদ আলী, আয়েশা সিদ্দিকা, জওয়াহের আলী, আওলাদ হোসেন, মতিয়ার হোসেন, মোফাজ্জল হোসেন প্রমুখ।
নওগাঁ
র্যালী ও আলোচনা সভার মধ্যদিয়ে নওগাঁয় বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। আলোচনা সভায় শনিবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালী বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। প্রধান অতিথি ছিলেন নওগাঁ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর শরীফুল ইসলাম খান।
ময়মনসিংহ
বিশ্ব শিক্ষক দিবসে অধ্যাপক যতীন সরকারসহ ৪ শিক্ষককে ময়মনসিংহে সন্মাননা প্রদান করেছে কারিগরি শিক্ষা কল্যাণ সমিতি। শনিবার শহরে আয়োজিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় উপাচার্য বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. মোঃ রফিকুল হক যতীন সরকারের হাতে সন্মাননা স্মারক ক্রেস্ট তুলেছেন জেলা প্রশাসক মুস্তাকীম বিল¬াহ ফারুকী। এছাড়াও অধ্যক্ষ নারায়ণ চন্দ্র সাহা, অধ্যক্ষ মো. শামসুর রহমান ও অধ্যাপক ডা. এ.আই.এম মোফাখ্খারুল ইসলামকে (মরণোত্তর) সন্মাননা প্রদান করা হয়।
