অনতিবিলম্বে স্বীকৃতিপ্রাপ্ত সকল নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে শনিবার চট্টগ্রাম প্রেসক্লাব প্রাঙ্গণে মানববন্ধন ও সমাবেশ করেছেন ‘নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ঐক্যজোট’ চট্টগ্রাম জেলা কমিটি। এ সময় শিক্ষক নেতারা বলেন, নন-এমপিও শিক্ষকরা মানবেতর জীবন যাপন করছে। প্রধানমন্ত্রী ঘরে ঘরে চাকরি প্রদানের অঙ্গীকার করেছিলেন। কিন্তু নন-এমপিওভুক্ত শিক্ষকদের চাকরি এখনো এমপিওভুক্তি করা হয়নি। অবিলম্বে এমপিওভুক্তি করা না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করতে শিক্ষকরা বাধ্য হবেন। মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন শিক্ষক নেতা প্রভাষক মুকতাদের আজাদ খান, অধ্যক্ষ লায়ন ডক্টর মো. সানাউল¬াহ, মো. আবু ছরোয়ার, মো. মোয়াজ্জেম হোসেন, কৃষ্ণ পদ পাল, সুখেন্দু বিকাশ দে, প্রভাষক অমর কান্তি দে, দোলন কান্তি বড়ুয়া, মো. মাকছুদুর রহমান প্রমুখ।
দিনাজপুর \ শনিবার দিনাজপুর নন-এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী ঐক্যজোট দিনাজপুর জেলা কমিটির উদ্যোগে মানববন্ধন পালন করেছে। কেন্দ্রীয় পূর্ব ঘোষিত ৩ দফা দাবিতে মানববন্ধন পালন করেছে জেলা কমিটি। মানববন্ধনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সম্পাদক ও জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ মো. হাবিবুর রহমান, কেন্দ্রীয় ও জেলা কমিটির সহ-সভাপতি ড. মীর মো. আনোয়ার হোসেন, কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক প্রমুখ।
মাগুরা \ স্বীকৃতিপ্রাপ্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে মাগুরায় মানববন্ধন করেছে নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ঐক্যজোট। শনিবার মাগুরা প্রেসক্লাবের সামনে নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে জেলার ৭১টি শিক্ষা প্রতিষ্ঠানের দু’শতাধিক শিক্ষক-কর্মচারী অংশগ্রহণ করে।
