পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৯

আপডেট : ০৬ অক্টোবর ২০১৩, ২০:৪২
সিলেট, গাইবান্ধা, ফরিদপুর, মধুখালীসহ দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ৯ জন নিহত হয়েছেন।— খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের। সিলেট সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর উপজেলার তেরমাইলে গত শনিবার দুপুরে সড়ক দুর্ঘটনায় মহিলাসহ ৩ জন নিহত ও ১০ জন আহত হয়েছে। আহতদের সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, সিলেটগামী একটি যাত্রীবাহী বাস ও ঢাকাগামী বাস মিতালি পরিবহনের সাথে মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। গাইবান্ধা গাইবান্ধা সদর উপজেলার মধুবিড়ি চাতাল এলাকায় গত শনিবার রাতে ট্রাকের ধাক্কায় সাখাওয়াত হোসেন (৪২) নামে এক কৃষক নিহত হয়েছে। দারিয়াপুর বাজার থেকে মোটর সাইকেলযোগে বাড়ি ফেরার পথে ট্রাকের সাথে ধাক্কা খেয়ে সে ছিটকে পড়ে আহত হন। পরে গাইবান্ধা সদর হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। মধুখালী (ফরিদপুর) মধুখালী উপজেলার মাঝকান্দি বাসস্ট্যান্ডের কাছে গত শনিবার বিকালে বাসের চাপায় আব্দুল করিম (৩৭) নামে এক নসিমন চালক ঘটনাস্থলেই নিহত হয়েছে। সে ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার ছারকোলা গ্রামের আব্দুল শুকুর ছেলে। বড়াইগ্রাম (নাটোর) নাটোরের বড়াইগ্রামে গত শনিবার রাতে পৃথক সড়ক দুর্ঘটনায় আব্দুল খালেক (৫৫) নামে একজন নিহত এবং ৩ জন গুরুতর আহত হয়েছেন। সে উপজেলার বাহিমালী গ্রামের মৃত ছলিমউদ্দিনের ছেলে এবং ধানাইদহ বাজারের নৈশ প্রহরী। আহতরা হলেন— দ্বাড়িখৈড় গ্রামের আব্দুর রশীদ (২৭), সিদ্দিক আলী (৪০) ও কুদরত আলী মণ্ডল (৩২)। আহতদেরকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। কলারোয়া (সাতক্ষীরা) কলারোয়া উপজেলার কাকডাঙা গ্রামে গত শনিবার সকালে মোটর সাইকেল চাপায় সাইফুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম (৬) এক শিশুর মৃত্যু হয়। কাকডাঙা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে রাস্তা পারাপারের সময় মোটর সাইকেল চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। চান্দিনা ও বুড়িচং (কুমিল্লা) কুমিল্লা বুড়িচং উপজেলার কোরপাই সাদত জুট মিলের সামনে গত শনিবার সন্ধ্যায় বাস চাপায় দুই সিএনজি অটোরিকশা আরোহী নিহত ও তিনজন আহত হয়েছেন। নিহতরা হলেন— রঘুনাথপুর গ্রামের বসির উদ্দিনের ছেলে তৈবুল হক (৩৫) ও কুমিল্লার বুড়িচং উপজেলার ঝলম গ্রামের আবুল বাসার (৫০)। আহতদের কুমিল্লা সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়েছে।