বার্সার জয়রথ অব্যাহত

আপডেট : ০৬ অক্টোবর ২০১৩, ২১:৪৩
কোচ টাটা মার্টিনো আলমেইরার বিরুদ্ধেই সপ্তম জয়ের সুবাদে বার্সেলোনার সেরা লিগ সূচনার রেকর্ড গড়েছিলেন। গত শনিবার রাতে শিরোপাধারীরা অষ্টম জয়ের পাশাপাশি শীর্ষস্থান অব্যাহত রাখলো। শিরোপা পুনরুদ্ধারে মরিয়া রিয়াল মাদ্রিদকে অবশ্য জয়ের জন্য অতিরিক্ত সময়ে ক্রিস্টিয়ানো রোনালদোর গোলটির জন্য অপেক্ষায় থাকতে হয়েছিল। এদিকে বার্সেলোনার সাথে সমান পয়েন্টে থাকা অ্যাতলেটিকো মাদ্রিদও কাঙ্ক্ষিত জয় পেয়েছে। গতকাল সন্ধ্যায় অনুষ্ঠিত খেলাটিতে অ্যাতলেটিকো ২-১ গোলে হারায় সেল্ট ভিগোকে। স্পেনের নাগরিকত্ব পেতে যাওয়া ব্রাজিলীয় দিয়েগো কস্তা গোল দুটি করেন। লা লিগায় কস্তা ও মেসি উভয়ের গোল এখন আটটি করে। এক গোল পেছনেই আছেন রোনালদো। বার্সেলোনার ৪-১ গোলে হারায় রিয়াল ভ্যালাদোলিদকে। অ্যালেক্সি স্যানচেজের জোড়া এবং নেইমার ও জাবির দর্শনীয় দুটি গোলে সহজ জয় নিশ্চিত করে লিওনেল মেসিহীন বার্সেলোনা। এর সুবাদে তাদের শতভাগ জয়ের ধারা অব্যাহত থাকলো। এ নিয়ে চলতি মৌসুমে প্রতিপক্ষ দলগুলোর বিরুদ্ধে ২৮ বার গোল করলো কাতালানরা। মার্টিনোর দলকে অবশ্য লিগের সেরা সূচনার রেকর্ড গড়তে হলে আরো একটি খেলায় জিততে হবে। কেননা সে রেকর্ডটি এখনো রিয়াল মাদ্রিদের ম্যানেজার মিগুয়েল মুনোজের দখলে। তিনি ১৯৬৮-৬৯ মৌসুমে এ নজির গড়েছিলেন। বার্সেলোনার পরবর্তী প্রতিপক্ষ ওসাসুনা। মার্টিনোর সামনে অবশ্য ভাঙ্গার জন্য অনেক রেকর্ডই পড়ে আছে। তবে সেগুলো কোচ পেপ গার্দিওলার জামানার। ন্যূ ক্যাম্পে এ রাতে অবশ্য ১০ মিনিটের মধ্যে জাবি গোয়েরার গোলে এগিয়ে গিয়েছিল ভ্যালাদোলিদ। চার মিনিট পর সমতা ফেরান সানজেস এবং ৫২ মিনিটে বার্সা এগিয়ে যায় জাবির গোলে। খেলার ২০ মিনিট বাকি থাকতে ব্রাজিলীয় নেইমারের গোলটির আগে আরেক দফা লক্ষ্যভেদ করেন স্যানচেজ। রিয়াল মাদ্রিদ ৩-২ গোলে লেভান্তের মাঠে জয়ী হয়। তবে অতিরিক্ত সময়ের চতুর্থ মিনিটে ক্রিশ্চিয়ানো রোনালদোর নাটকীয় গোলটি পর্যন্ত অপেক্ষায় থাকতে হয় অতিথিদের। ৫৭ মিনিটে বাবাকা দিওয়ারার পাসে জোয়াকিন ক্যাপ্রোসের অসাধারণ গোলে লেভান্তে এগিয়ে গেলেও চার মিনিটের মধ্যেই রিয়ালকে সমতায় ফেরান সার্জিও রামোস। লেভান্তে আবারো এগিয়ে গেলে আলভারো মোরাতার গোলে সমতা আনে কোচ কার্লো অ্যানচেলোত্তির দল। এরপর অতিরিক্ত সময়ের চতুর্থ মিনিটে রোনালদোর নাটকীয় গোলে পুরো তিন পয়েন্ট তুলে নেয় রিয়াল। এ রাতের অপর খেলায় জনাথন ভিয়েরার গোলে রিয়াল সোসিয়েদাদকে ১-০ ব্যবধানে হারিয়েছে ভ্যালেন্সিয়া। এলচেকে ২-১ গোলে হারিয়েছে এস্পানিয়ল।