শিশুর ফিটনেস ভালো ফলাফল এনে দেয়

আপডেট : ০৬ অক্টোবর ২০১৩, ২১:৪৪
শিশুদের শারীরিক ফিটনেস শুধু সুস্থতার জন্য জরুরি তাই নয়, তাদের মানসিক বিকাশ ও বিদ্যালয়ে ভালো ফলাফলও এনে দেয় ফিটনেস। গবেষণায় দেখা গেছে, যেসব শিশু নিয়মিত খেলাধুলা ও এক্সারসাইজ করে তাদের বিদ্যালয়ে পারফরম্যান্স ভালো হয় এবং তারা শিক্ষকের পাঠদান সহজে বোধগম্য করতে পারে। পড়াশোনায় মনযোগ থাকে অধিক। এ ব্যাপারে আমেরিকান কলেজ অব স্পোর্টস মেডিসিনে একটি চমত্কার তথ্য প্রকাশ করা হয়েছে। রিপোর্টে বলা হয়, একদল ছাত্রকে অংক পরীক্ষার পূর্বে এক্সারসাইজ করতে দেয়া হয়। এ গ্রুপটি ১০ মিনিট এক্সারসাইজ করে পরীক্ষায় অংশ নেয়। অন্য একটি গ্রুপ এক্সারসাইজ ছাড়াই পরীক্ষায় অংশ নেয়। ফলাফলে দেখা যায় এক্সারসাইজ করা দলটি অন্যদের চেয়ে অংকে ভালো ফলাফল করেছে। একইভাবে নেবরাস্কা, ইলিয়নসহ অন্যান্য স্থানেও একই ধরনের গবেষণায় অনুরূপ ফলাফল পেয়েছেন বিশেষজ্ঞগণ। গবেষণায় বলা হয়, শুধু শিশু-কিশোর নয়, বড়রাও যদি নিয়মিত ব্যায়াম করেন এবং শরীর ফিট রাখেন তবে কাজে মনযোগ বাড়ে, ফলাফলও হয় ভালো। লেখক : চুলপড়া, এলার্জি, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ