এমডিজি অর্জনের পথে বাংলাদেশ :এডিবি

আপডেট : ০৬ অক্টোবর ২০১৩, ২১:৪৫
বাংলাদেশের উন্নয়ন অংশীদার হিসেবে ৪০ বছর পার করলো এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এসময়কালে শিক্ষা, অবকাঠামো, বিদ্যুত্, জ্বালানি, যোগাযোগ ব্যবস্থা, রেলওয়েসহ প্রায় সকল খাতে সহযোগিতা করেছে সংস্থাটি। বাংলাদেশে এডিবি’র ৪০ বছর পূর্তি উপলক্ষে শনিবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সাবেক অর্থমন্ত্রী এম সাইদুজ্জামান, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব আবুল কালাম আজাদ, এডিবি’র কান্ট্রি ডিরেক্টর তেরেসা খো এবং ভাইস প্রেসিডেন্ট (প্রশাসন ও করপোরেট ব্যবস্থাপনা) ব্রুস ডেভিস এসময় বক্তব্য রাখেন। এডিবি’র সহায়তায় পরিচালিত বিভিন্ন প্রকল্প পরিচালকগণ, উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের প্রতিনিধিরাসহ সুশীল সমাজের প্রতিনিধিরা এসময় উপস্থিত ছিলেন। দেশের অবকাঠামো, বিদ্যুত্সহ বিভিন্ন খাতে এডিবি’র অর্থায়নের বিষয়ে প্রশংসা করে অর্থমন্ত্রী তার বক্তব্যে উল্লেখ করেন, অন্য অনেক দাতাসংস্থা যে সকল খাতে সহায়তা করেনি, এমন অনেক খাতে এডিবি সহায়তায় এগিয়ে এসেছে। অর্থমন্ত্রী বলেন, ‘পদ্মা সেতু প্রকল্প থেকে এডিবি সরে গেছে ঠিকই, কিন্তু আমি আশা করি, প্রকল্পের কোনো এক সময়ে সংস্থাটি আবারও ফিরে আসবে। ভারত থেকে বিদ্যুত্ আমদানি প্রকল্পে এডিবি’র সহায়তা উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, আমরা বিদ্যুত্ আমদানি শুরু করেছি। পরবর্তীতে পার্শ্ববর্তী দেশ নেপাল, মিয়ানমারসহ ভারতের আগরতলা থেকে বিদ্যুত্ আমদানি করা হবে। এডিবি’র সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাপ্রকাশ করেন অর্থমন্ত্রী। এর আগে গত ৪০ বছরে দেশে এডিবি’র সহযোগিতা নিয়ে এক প্রকাশনার মোড়ক উন্মোচন করেন অর্থমন্ত্রী। ব্রুস ডেভিস তার বক্তব্যে উল্লেখ করেন, প্রাকৃতিক দুর্যোগপ্রবণ হওয়া সত্ত্বেও বাংলাদেশে আর্থ-সামাজিক উন্নয়নে এগিয়েছে। তুলনামূলক মাথাপিছু আয় কম হলেও ব্যাপক দারিদ্র্য হ্রাসসহ সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য (এমডিজি) অর্জনের পথে রয়েছে বাংলাদেশ। তেরেসা খো তার বক্তব্যে বাংলাদেশে এডিবি’র সহযোগিতার বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি জানান, বিগত ৪০ বছরে ২৩৪ টি ঋণ প্রকল্পের আওতায় প্রায় ১৪ দশমিক ১ বিলিয়ন ডলার এবং ৩৮৯টি প্রকল্পে আওতায় ২২১ দশমিক ৭ মিলিয়ন ডলার অনুদান দিয়েছে সংস্থাটি।