বাটেক্সপো প্রদর্শনী শুরু বৃহস্পতিবার

আপডেট : ০৬ অক্টোবর ২০১৩, ২১:৪৬
দেশের গার্মেন্টস খাতের সবচেয়ে বড় আন্তর্জাতিক প্রদর্শনী বাংলাদেশ অ্যাপারেল এন্ড টেক্সটাইল এক্সপোজিশন (বাটেক্সপো) শুরু হচ্ছে আগামী বৃহস্পতিবার। রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এবার তিন দিনব্যাপী এ প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে। মেলায় দেশি-বিদেশি মিলিয়ে ৮০টি প্রতিষ্ঠান তাদের পণ্য ও সেবা প্রদর্শন করবে। রবিবার বিজিএমইএ ভবনে এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম। বরাবরের মত এবারের বাটেক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সমাপনী টানবেন বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া। বাটেক্সপোতে বিশ্বের বিভিন্ন দেশের ক্রেতারা উপস্থিত হয়ে পণ্য সম্পর্কে ধারণা নেন এবং স্পট অর্ডার দেন। বিজিএমইএ সভাপতি জানান, আমাদের পণ্যের যে বহুমুখীকরণ ঘটছে এবং স্থানীয় পর্যায়ে টেক্সটাইল এবং এক্সেসরিজের যে উন্নতি হয়েছে তা এবারের মেলায় ক্রেতাদের কাছে উপস্থাপন করা হবে। অতীতে নভেম্বর বা ডিসেম্বরের দিকে বাটেক্সপো আয়োজন করা হতো। কিন্তু এবার নভেম্বর ডিসেম্বরে রাজনৈতিক অসন্তোষকে মাথায় রেখে অক্টোবরেই এ মেলার আয়োজন করা হচ্ছে। গতবারের তুলনায় এবারের মেলার পরিসরও কিছুটা ছোট হচ্ছে। সেই সঙ্গে রানা প্লাজার মর্মান্তিক দুর্ঘটনার কারণে মেলার জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান ‘বাটেক্সপো নাইট’ হচ্ছে না। বাটেক্সপো উপলক্ষে গার্মেন্টস খাতের উপর তিনটি বিশেষ সেমিনারের আয়োজন করা হবে। এদিকে ডলারের অব্যাহত দরপতনের প্রেক্ষাপটে রপ্তানিকারকদের জন্য বিশেষ ব্যবস্থায় ডলারের দর নির্ধারণ করে দেয়ার জন্য সাংবাদিক সম্মেলনে দাবি জানিয়েছে বিজিএমইএ। সাংবাদিক সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজিএমইএ’র সহ-সভাপতি এসএম মান্নান কচি, শহীদুল্লাহ আজিম, রিয়াজ বিন মাহমুদ, সাবেক সভাপতি আব্দুস সালাম মুর্শেদী প্রমুখ।