নীলফামারী, মুন্সীগঞ্জ ও ময়মনসিংহের ভালুকায় পৃথক ঘটনায় সাতজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। -খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের।
নীলফামারী
ডোমারে বিদ্যুত্স্পৃষ্টে গতকাল সোমবার দুপুরে বিষাদ চন্দ্র (১৪) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। লক্ষ্মীপাড়া ও ভাটিয়াপাড়া এলাকায় বাঁশের খুঁটিতে থাকা পিডিবির বৈদ্যুতিক সংযোগ থেকে পূজা মণ্ডপে লাইন নেয়ার কাজে সহায়তা করার সময় এ ঘটনা ঘটে।
মুন্সীগঞ্জ
মুন্সীগঞ্জ সদর উপজেলায় সুখবাসপুর গ্রামে গত রবিবার দুপুরে পানিতে ডুবে আব্দুল আজিজ শেখ (৯০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়। দুপুরে বাড়ি থেকে দোকানে যাওয়ার পথে পা ফসকে পুকুরে পড়ে যান আব্দুল আজিজ। পরে পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
ভালুকা (ময়মনসিংহ)
ভালুকা উপজেলার আওলাতলী গ্রামে গতকাল সোমবার সকালে বাড়ির পাশে আখ ক্ষেত থেকে পল্লী বিদ্যুতের সার্ভিস লাইনের তারে জড়ানো আব্দুল জলিল নামে একব্যক্তির লাশ উদ্ধার হয়। জানা যায়, গরুর জন্য ঘাস কাটতে গিয়ে সে তারে জড়িয়ে মারা যায়। সে আব্দুল জব্বারের পুত্র।
সুজানগর (পাবনা)
পাবনার বস্তাল গ্রামে গতকাল সোমবার পুকুরের পানিতে ডুবে মিরাজ (৬) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। সে আব্দুস সাত্তারের ছেলে এবং স্থানীয় শারীরভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র।
কালিয়াকৈর (গাজীপুর)
উপজেলার হাইটেক পার্কের ভেতরে জঙ্গল থেকে গত রবিবার বিকালে অজ্ঞাত পরিচয় এক যুবকের (৩০) গলিত লাশ উদ্ধার করেছে কালিয়াকৈর থানা পুলিশ। তার পরনে ছিল কালো রঙের জিন্সের প্যান্ট ও সাদা স্যান্ডো গেঞ্জি।
কাউনিয়া (রংপুর)
কাউনিয়ায় বনগ্রামে গত রবিবার দুপুরে দুর্গা মন্দিরে বিদ্যুতের সংযোগ দিতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্টে দিপু (১৮) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়।
ডোমার (নীলফামারী)
নীলফামারীর ডোমার উপজেলায় লক্ষ্মীপাড়া গ্রামে গত সোমবার সকালে স্কুলে যাওয়ার পথে বিদ্যুতের তার ছিঁড়ে শরীরে পড়ে রমনাথ রায়ের পুত্র কল্যাণ কুমার রায় বিদ্যুত্স্পৃষ্টে মারা যায়। সে মহেশ চন্দ্র লালা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
