তারাগঞ্জ কারিগরি কলেজ এমপিওভুক্ত হয়নি

আপডেট : ০৭ অক্টোবর ২০১৩, ২০:৫৭
শিক্ষার্থীদের বাইরে প্রাইভেট বা কোচিং করতে হয় না। কলেজের শিক্ষকরাই গুরুত্বের সঙ্গে শিক্ষার্থীদের পাঠদান করান। নির্ধারিত পরীক্ষার বাইরে মাসিক পরীক্ষাসহ ১৫ দিন পরপর বিষয়ভিত্তিক পরীক্ষা নেন শিক্ষকরা। শিক্ষকদের এ প্রয়াসের কারণে চার বছর ধরে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে মেধা-তালিকায় স্থান পেয়েছে কলেজটি। শিক্ষাপ্রতিষ্ঠানটি রংপুরের তারাগঞ্জ উপজেলায় অবস্থিত। নাম তারাগঞ্জ কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা মহাবিদ্যালয়। কিন্তু দীর্ঘদিনেও কলেজটি এমপিওভুক্ত করা হয়নি। ফলে কঠোর পরিশ্রম করা কলেজের শিক্ষকরা মানবেতর জীবন যাপন করছেন। কলেজের প্রভাষক আবদুল রহিম বলেন, ‘এমপিওভুক্তির আশায় বিনা পারিশ্রমিকে কাজ করে যাচ্ছি। এ অবস্থায় আমরা অন্যের সন্তানদের লেখাপড়া শেখালেও নিজেদের সন্তানদের লেখাপড়া খরচ চালাতে পারছি না। শিক্ষার্থীরা জানান, শিক্ষার মান ও শিক্ষার্থীদের উপস্থিতি বিষয়ে অভিভাবকদের নিয়ে কলেজ পরিচালনা কমিটি ও শিক্ষকরা সমাবেশ করছেন। কলেজ পরিচালনা কমিটির সদস্য মতিয়ার রহমান বলেন, শিক্ষক-কর্মচারীরা আন্তরিকভাবে পরিশ্রম করছেন। কলেজের শিক্ষার্থীরাও ভালো ফল করছে। অথচ এমপিওভুক্ত না হওয়ায় কলেজের শিক্ষক-কর্মচারীরা মানবেতর জীবনযাপন করছে। কলেজের অধ্যক্ষ আবদুল হামিদ বলেন, ২০০৬ সালে বৈঠক করে শিক্ষকরা সিদ্ধান্ত নেন, তাদের কেউ টাকা নিয়ে প্রাইভেট পড়াবেন না, বিনা টাকায় প্রাইভেটের ন্যায় শিক্ষার্থীদের পড়াবেন।