সংবাদ সংক্ষেপ

আপডেট : ০৭ অক্টোবর ২০১৩, ২০:৫৯
আজ ভূঞাপুর মুক্ত দিবস ভূঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা \ ভূঞাপুর পাক হানাদার মুক্ত দিবস আজ (মঙ্গলবার)। ১৯৭১ সালের এইদিনে কাদেরিয়া বাহিনীর কোম্পানি কমান্ডার খন্দকার হাবিবুর রহমানের নেতৃত্বে স্থানীয় ৫০/৬০ জন মুক্তিযোদ্ধাসহ ৫ শতাধিক মুক্তিযোদ্ধা ভূঞাপুরকে পাক হানাদার মুক্ত করতে চারদিক থেকে আক্রমণ চালায়। মুক্তিযোদ্ধাদের তীব্র আক্রমণে হানাদার বাহিনী পালিয়ে যেতে বাধ্য হয়। মুক্তিযোদ্ধাদের হাতে ধরা পড়ে ১০৮ জন রাজাকার। উদ্ধার করা হয় বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ। দিনটি ভূঞাপুরবাসীর নিকট যেমন আনন্দ ও গর্বের তেমনি বেদনারও বটে। ওই দিন সম্মুখযুদ্ধে শহীদ হন স্থানীয় ছাব্বিশা গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল কদ্দুস। প্রতিবারের মত এবারও দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের উদ্যোগ নিয়েছে ভূঞাপর মুক্তিযুদ্ধ গবেষণা পরিষদ। কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ৯টায় ছাব্বিশাস্থ শহীদ কদ্দুসের মাজারে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিল। সকাল ১০টায় ইব্রাহীম খাঁ কলেজ অডিটোরিয়ামে আলোচনা সভা ও ৪০ জন কোম্পানি কমান্ডার ও খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান। মদনে বিশ্ব শিশু দিবস পালন মদন (নেত্রকোনা) সংবাদদাতা \ সোমবার উপজেলার প্রশাসনের উদ্যোগে ও ইউনিসেফের সহযোগিতায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ পালিত হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য র্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলার পাবলিক হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সফিউল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা শহিদুল হক বাঙালি, সোনালী ব্যাংক ব্যবস্থাপক হাবিবুর রহমান, কৃষি ব্যাংক কর্মকর্তা আব্দুল খালেক প্রমুখ। ফুলপুরে ইভটিজিংয়ের দায়ে বখাটের কারাদণ্ড ফুলপুর (ময়মনসিংহ) সংবাদদাতা \ ময়মনসিংহের ফুলপুরে এক স্কুল ছাত্রীকে ইভটিজিংয়ের দায়ে রবিবার এক বখাটের ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যামাণ আদালত। উপজেলা হাটপাগলা গ্রামের ইসমাইলের মাদকাসক্ত বখাটে পুত্র জাহাঙ্গীর হোসেন লেবু হাটপাগলা স্কুল এণ্ড কলেজের অষ্টম শ্রেণির এক ছাত্রীকে দীর্ঘদিন যাবত্ ইভটিজিং করে আসছে। নিরুপায় হয়ে ঐ ছাত্রীর পিতা ফুলপুর থানায় অভিযোগ করলে পুলিশ বখাটে লেবুকে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এএসএস ফেরদৌসের ভ্রাম্যমাণ আদালত বখাটে লেবুকে ৬ মাসের এই বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে। নন্দীগ্রাম হাইসু্কলের অভিভাবক সদস্য নির্বাচন নন্দীগ্রাম (বগুড়া) সংবাদদাতা \ রবিবার নন্দীগ্রাম পাইলট হাইস্কুলের অভিভাবক সদস্য ও শিক্ষক প্রতিনিধি পদে শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুুষ্ঠিত হয়েছে। অভিভাবক সদস্য পদে কাউন্সিলর আবু সাঈদ মিলন, মোস্তাফিজুর রহমান, শাহজাহান আলী ও আফতাব উদ্দিন নির্বাচিত হন। ইতোপূর্বে মহিলা অভিভাবক সদস্য পদে একজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। ছাগলনাইয়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ছাগলনাইয়া (ফেনী) সংবাদদাতা \ ট্রাইব্যুনাল ভেঙ্গে দিয়ে নেতৃবৃন্দের মুক্তি, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল এবং সরকারের পদত্যাগের দাবিতে রবিবার পৌর শহরে ছাগলনাইয়া উপজেলা ও পৌর জামায়াত বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল হোসেন ফারুকী, পৌর আমীর মাওলানা পেয়ার আহাম্মদ মজুমদার, সেক্রেটারী মাওলানা আলী হোসেন, উপজেলা সহকারী সেক্রেটারী অধ্যাপক আবদুল মতিন, পৌর শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা কবির আহাম্মদ সিদ্দিকী, ইসলামী ছাত্রশিবিরের ফেনী জেলা প্রকাশনা সম্পাদক ওসমান গনি আরিফ। চাটমোহর পৌর ছাত্রদলের সম্মেলন চাটমোহর (পাবনা) সংবাদদাতা \ চাটমোহর পৌর ছাত্রদলের সম্মেলন শনিবার ডিগ্রী কলেজে অনুষ্ঠিত হয়। পৌর ছাত্রদলের আহবায়ক মোঃ মনির উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পাবনা জেলা ছাত্রদলের সভাপতি ইলিয়াস আহমেদ হিমেল রানা। প্রধান বক্তা ছিলেন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তসলিম হাসান খান সুইট। উপজেলা বিএনপির সভাপতি সাবেক এমপি কেএম আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল মান্নান, পৌর মেয়র এইচ ইসলাম হীরা, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহিম কালু, পৌর বিএনপির সভাপতি এএম জাকারিয়া, সাধারণ সম্পাদক আরজ খান, সাংগঠনিক সম্পাদক অ্যাড. সাইদুর রহমান। ডোমারে প্রতিবন্ধীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ডোমার (নীলফামারী) সংবাদদাতা \ “সবার জন্য শিক্ষা”— এ শ্লোগানকে সামনে রেখে ডোমার উপজেলায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। রবিবার দুপুরে গণ উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে লিওনার্ড চেশিয়ার ডিজএ্যাবিলিটি (এলসিডি) ও ইউরোপীয়ন ইউনিয়নের সহযোগিতায় মটকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিবন্ধী বান্ধব রিসোর্স সেন্টার একীভূত শিক্ষা প্রকল্পের প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ শাহজাহান ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। রায়পুরে চিকিত্সকদের কর্মবিরতির আল্টিমেটাম রায়পুর (লক্ষ্মীপুর) সংবাদদাতা \ রায়পুর পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. শিশির কুমার রায়ের ওপর দুর্বৃত্তদের হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতার দাবিতে ৩ দিনের আল্টিমেটাম দেয়া হয়েছে। এসময়ের মধ্যে তাদের গ্রেফতার করতে ব্যর্থ হলে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি করা হবে বলে ঘোষণা দেয়া হয়। রবিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লে¬ক্স মিলনায়তনে এক প্রতিবাদ সভায় এ আল্টিমেটাম দেয়া হয়। বৃহস্পতিবার রাতে হামলার ঘটনায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শিশির কুমার রায় গত শনিবার রায়পুর থানায় একটি সাধারণ ডায়রি করেন। মনোহরগঞ্জে যুবদলের প্রতিনিধি সভা মনোহরগঞ্জ (কুমিল্লা) সংবাদদাতা \ রবিবার মনোহরগঞ্জে হাসনাবাদ ইউনিয়ন যুবদলের প্রতিনিধি সভা ইউনিয়ন যুবদল সভাপতি মো.আনিছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রতিনিধি সভায় ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ১৮টি গ্রাম থেকে ৯০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও হাসনাবাদ ইউপি চেয়ারম্যান মো. আবদুল মুনাফ। প্রধান বক্তা ছিলেন উপজেলা যুবদল সাধারণ সম্পাদক মো. মাসুদুল আলম বাচ্চু। গাইবান্ধায় পাটের মূল্য পরিশোধের দাবিতে মানববন্ধন গাইবান্ধা প্রতিনিধি \ গাইবান্ধার সরকারি পাট ক্রয় কেন্দ্রগুলোর বকেয়া টাকা পরিশোধ ও প্রতিমণ পাট ২ হাজার টাকা করার দাবিতে রবিবার শহরের কাচারীবাজার এলাকায় মানববন্ধন করা হয়। গাইবান্ধার কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ী সমন্বয় কমিটি এই কর্মসূচির আয়োজন করে। বৃষ্টি উপেক্ষা করে শত শত কৃষক ও ক্ষুদ্র পাট ব্যবসায়ী এ মানববন্ধনে অংশ নেন। কৃষক নেতা মোসাদ্দেক আহমদ বুলবুলের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা জাসদের সহ-সভাপতি নুরুজ্জামান প্রধান, জেলা কৃষক জোটের সভাপতি রোস্তম আলী, মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান সরকার প্রমুখ। রংপুরে ডিপ্লোমা মেডিক্যাল অ্যাসিসটেন্টদের মানববন্ধন রংপুর প্রতিনিধি \ ডিপ্লোমা মেডিক্যাল এ্যাসিসটেন্টদের উচ্চশিক্ষার ব্যবস্থাকরণসহ ৫ দফা দাবিতে রবিবার রংপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করা হয়। বাংলাদেশ ডিপ্লোমা মেডিক্যাল ইন্টার্ন এসোসিয়েশন ও বাংলাদেশ ডিপ্লোমা মেডিক্যাল স্টুডেন্ট এসোসিয়েশনের উদ্যোগে সকালে রংপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে গ্রীন ম্যাটস, প্রাইম ম্যাটস, রংপুর ম্যাটস ও সিটি ম্যাটসের প্রায় ৫ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। পরে সেখানে এসোসিয়েশনের সভাপতি রেজাউল ইসলাম বসুনিয়ার সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বড়াইগ্রামে এডুকেশন ইন মালয়েশিয়া শীর্ষক সেমিনার বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা \ বড়াইগ্রামে ‘ক্যারিয়ার ডেভেলপমেন্ট ফর বাংলাদেশি স্টুডেন্ট প্রসপেক্টিভ অফ মালয়েশিয়ান এডুকেশন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। রবিবার বনপাড়া ডিগ্রী কলেজ চত্বরে সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ একরামুল আলমের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন মালয়েশিয়ার এলিট ইন্টারন্যাশনাল কলেজের চীফ এক্সিকিউটিভ ড.পাও চেং সিয়ং। বিশেষ অতিথির বক্তব্য রাখেন একই কলেজের অধ্যক্ষ পাও চাঁই হং ও মার্কেটিং ম্যানেজার লো ই লিং, এলিট ইন্টারন্যাশনাল কলেজের বাংলাদেশ কনসালটেন্সি অফিসের সিইও তারিকুল ইসলাম, মার্কেটিং এক্সিকিউটিভ আশিক রেজা রাসেল, মেহেদী হাসান ও মাহাদী হাসান শাওন ও তথ্য কর্মকর্তা সাইমুম খান। মনোহরদী স্বাস্থ্য কমপ্লেক্স পঞ্চাশ শয্যায় উন্নীত হলো মনোহরদী (নরসিংদী) সংবাদদাতা \ রবিবার ৫০ শয্যায় উন্নীত মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নবনির্মিত ওপিডি ভবন উদ্বোধন করা হয়। ভবনটির উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য এড. নরুল মজিদ মাহমুদ হুমায়ুন। অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান সাইফুল ইসলাম খাঁন বীরুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএমএ সহ-সভাপতি প্রফেসর ডা. এমএ রউফ সরদার, নরসিংদী জেলা সিভিল সার্জন রশিদ আহামেদ, বিএমএ জেলা সভাপতি ডা. গোলাম দস্তগীর, মনোহরদী পৌরসভার মেয়র মোঃ আলফাজ উদ্দিন প্রমুখ। ঢাকাস্থ নেত্রকোনা জেলা সমিতির সভা ও নির্বাচন ঢাকাস্থ নেত্রকোনা জেলা সমিতির বার্ষিক সাধারণ ও নির্বাচন গত শনিবার বিকালে বাংলাদেশ পাবলিক লাইব্রেরির “শওকত ওসমান মিলনায়তনে’’ অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পরিকল্পনা কমিশনের সদস্য উজ্জ্বল বিকাশ দত্ত। প্রধান অতিথি ছিলেন ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা। সভায় মো. আব্দুল হান্নান খানকে সভাপতি, জালাল উদ্দিন তালুকদারকে সাধারণ সম্পাদক এবং শাহ মো. আব্দুল মজিদ আকন্দকে সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত করা হয়।-প্রেস বিজ্ঞপ্তি বিরামপুরে শিশুর যত্ন বিষয়ে আশা’র কর্মসূচি বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা \ আশা-দিনাজপুর (বিরামপুর) জেলার বিরামপুর-১ ব্রাঞ্চের আওতায় দারিদ্র্য পীড়িত ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে সচেতন করার লক্ষ্যে সারা দেশব্যাপী আলোচনার অংশ হিসেবে সপ্তাহব্যাপী স্বাস্থ্য সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে। এ লক্ষ্যে সোমবার উপজেলার মাহামুদপুর গ্রামে বিরামপুর-১ ব্রাঞ্চের ‘মোহনা’ ভূমিহীন মহিলা সমিতির সদস্যদের মাঝে নবজাতক ও শিশুর যত্ন বিষয়ের উপর আলোচনায় বক্তব্য রাখেন, আশা-দিনাজপুর (বিরামপুর) ডিস্ট্রিক্ট ম্যানেজার মোঃ হারুন-অর-রশিদ। সিংড়ায় বিএনপির বিক্ষোভ মিছিল সিংড়া (নাটোর) সংবাদদাতা \ নাটোর সিংড়ায় জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় কমিটি স্ব-নির্ভর বিষয়ক সম্পাদক অ্যাড.এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে নিঃশর্ত মুক্তি এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল সিংড়া উপজেলা ও শহর শাখার আয়োজনে সোমবার ১১টায় কার্যালয়ের সামনে থেকে শত-শত নেতা-কর্মীদের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল বের হয় এবং শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কোর্ট মাঠের আমচত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশ করে। ঝিনাইদহের বিষয়খালী বাজারে বোমা বিস্ফোরণ ভ্রাম্যমাণ প্রতিনিধি \ ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী বাজারে মহারাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদের ব্যবসা প্রতিষ্ঠানের সামনে বোমা ফাটিয়েছে দুর্বৃত্তরা। রবিবার রাতে এ ঘটনা ঘটেছে। তবে এতে কোন ক্ষয়ক্ষতি হয়নি। অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান জানান, রবিবার সন্ধ্যার দিকে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল মান্নান মহারাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতা-কর্মীদের সাথে আলোচনা বৈঠক করেন। এ সময় দুর্বৃত্তরা আব্দুর রশিদের দোকানের সামনে ২টি বোমা বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। গাংনীর শালদহ মাধ্যমিক বিদ্যালয়ে তালা গাংনী (মেহেরপুর) সংবাদদাতা \ মেহেরপুরের গাংনী উপজেলার শালদহ গ্রামের এস এ আর বি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সভাপতির বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগে বিদ্যালয়টিতে তালা মেরেছে বিক্ষুব্ধ গ্রামবাসী ও অভিভাবক বৃন্দ। প্রধান শিক্ষক এনামুল হোসেন ও সভাপতি আতিকুর রহমানের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগে শিক্ষামন্ত্রীসহ সরকারের বিভিন্ন দপ্তরে অভিযোগ দাখিল করেছে গ্রামবাসী। নান্দাইলে সরকারি প্রাথমিক বিদ্যালয় কমিটির নির্বাচন নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা \ ময়মনসিংহের নান্দাইল উপজেলার ৪১নং চামারুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচনে ফলাফল পাল্টে দেয়ার অভিযোগে রবিবার পরাজিত প্রার্থীর সমর্থকরা রিটার্নিং অফিসারসহ নির্বাচনের দায়িত্ব পালনরত কর্মকর্তাদের তালাবদ্ধ করে আটকে রাখে। খবর পেয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা থানা থেকে পুলিশ নিয়ে ঘোষিত ফলাফল স্থগিত করে ওই কর্মকর্তাদের উদ্ধার করেন। সাতক্ষীরায় ট্রাক ভর্তি ফেন্সিডিল উদ্ধার সাতক্ষীরা প্রতিনিধি \ সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর বলফিল্ড এলাকায় গত রবিবার ভোরে গোয়েন্দা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে ট্রাক ভর্তি আলুর বস্তা থেকে ৪’শ ৫৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে। ট্রাকসহ ফেন্সিডিলের মূল্য সাড়ে ২৬ লাখ টাকা। শ্রীবরদীতে শিক্ষা অফিস সহকারীর বিরুদ্ধে স্মারকলিপি শেরপুর প্রতিনিধি \ শেরপুরের শ্রীবরদী উপজেলা শিক্ষা অফিসের অফিস সহকারী খোরশেদ আলমের বিরুদ্ধে অশালীন আচরণ ও ঘুষ গ্রহণের প্রতিবাদে অর্ধশতাধিক শিক্ষক উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারকলিপি প্রদান করেছেন। গত রবিবার দুপুরে উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শফিকুর রহমানের নেতৃত্বে এ স্মারকলিপি প্রদান করা হয়। সিংগাইরে জুয়া খেলা বন্ধ করল প্রশাসন সিংগাইর (মানিকগঞ্জ) সংবাদদাতা \ “সিংগাইরে মাইকে ঘোষণা দিয়ে জুয়া খেলা” শিরোনামে গত ৪ অক্টোবর দৈনিক ইত্তেফাকে একটি সংবাদ প্রকাশিত হয়। এর প্রেক্ষিতে পুলিশ প্রশাসন বন্ধ করে দিয়েছে জুয়া খেলা, পুতুল নাচ আর মাদকের আসর। আদিতমারীতে স্কাউটস এর দীক্ষা অনুষ্ঠান আদিতমারী (লালমনিরহাট) সংবাদদাতা \ লালমনিরহাটের আদিতমারী জিএস মডেল স্কুল অ্যান্ড কলেজের স্কাউটস গ্রুপের দীক্ষা অনুষ্ঠান গত রবিবার বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। ৩২ জন ছাত্র-ছাত্রী নিয়ে এ দীক্ষা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর মধ্যে গার্লস ইন স্কাউটস ৮ জন ও ২৪ জন ছেলে। আর দীক্ষা প্রদান করেন ইউনিট লিডার ও উপজেলা স্কাউটস সম্পাদক মোজাম্মেল হক। পীরগঞ্জে খেলার মাঠ রক্ষায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পীরগঞ্জ (রংপুর) সংবাদদাতা \ কাদিরাবাদ হাই স্কুলের খেলার মাঠ ইটভাটা ও চাষাবাদের জন্য লীজ দেয়া হয়েছে। লিজ বাতিলের দাবিতে গত রবিবার অভিভাবক ও প্রাক্তন ছাত্র-ছাত্রীরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। জানা যায়, ওই বিদ্যালয়ের দক্ষিণে প্রায় ২ একর জমিতে খেলার মাঠ ইটভাটা ও চাষাবাদের জন্য লীজ দেওয়া হয়। চাপের মুখে লীজ বাতিল করে বাগানের নামে গাছ রোপণ করতে গেলে জনতা বাধা দিয়ে খেলার মাঠ খেলার জন্যই উন্মুক্ত রাখার দাবি করেন। ঈশ্বরদীতে বাংলাদেশ কৃষক সমিতির সম্মেলন ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা \ ঈশ্বরদীতে বাংলাদেশ কৃষক সমিতি ঈশ্বরদী উপজেলা কমিটির সম্মেলন গতকাল সোমবার অনুষ্ঠিত হয়। কৃষক নেতা নুরুল ইসলাম মাস্টারের সভাপতিত্বে কৃষক সম্মেলনে বক্তব্য রাখেন, বাংলাদেশ কৃষক সমিতি কেন্দ্রীয় কমিটির সদস্য কৃষক নেতা আহসান হাবিব, পাবনা জেলা কমিটির সাধারণ সম্পাদক শাহীনুর রহমান শাহীন, বীর মুক্তিযোদ্ধা জামাত আলী মন্ডল, হুজুর আলী সরদার, গোলজার হোসেন, মামুন হোসেন প্রমুখ। সম্মেলনে নুরুল ইসলাম মাস্টারকে সভাপতি ও হুজুর আলী সরদারকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট ঈশ্বরদী উপজেলা কৃষক সমিতির কমিটি গঠন করা হয়।