আমাদের ক্যাম্পাস

আপডেট : ০৮ অক্টোবর ২০১৩, ১৮:৪৫
দিদারুল আলম \ সাতকানিয়া মডেল হাই স্কুল। সাতকানিয়া উপজেলা সদর ও পৌরসভা কার্যালয়ে পশ্চিমে এবং থানা সদরের পূর্ব পার্শ্বে কানু পুকুরের পাড়ে ৪.৩৪ একর জায়গা নিয়ে এ স্কুলটি অবস্থিত। স্কুলটি ১৯০৫ সালে প্রথম স্বীকৃতি লাভ করে। বর্তমানে স্কুলের ছাত্র সংখ্যা ১১৭৫ জন। প্রথম প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন বিপিন চন্দ্র সেন। বর্তমানে ৩৯ তম প্রধান শিক্ষক হিসেবে কর্মরত আছেন মো. রফিকুল ইসলাম। তার বলিষ্ঠ ভূমিকার কারণে স্কুলটির ফলাফল খুবই সন্তোষজনক। এস.এস.সি পরীক্ষায় পাশের হার শতভাগ। বিগত দিনের জুনিয়র বৃত্তির ফলাফল সবার নজর কাড়ে। বর্তমানে বিদ্যালয়টিতে ৮টি ভবন আছে। জ্ঞান পিপাসু ছাত্রদের জন্য রয়েছে সমৃদ্ধ পাঠাগার। পাঠাগারের বর্তমান বই সংখ্যা ২৮৩৬ টি। বিশ্বায়নের এ যুগে আধুনিকতার সাথে খাপ খাইয়ে চলার তাগিদে স্কুলে রয়েছে বিজ্ঞান বিভাগ, কম্পিউটার শিক্ষা, কারিগরি, মানবিক বিভাগ, ব্যবসায় শিক্ষা, কৃষি শিক্ষা বিভাগ। বিজ্ঞান শিক্ষার্থীর জন্য রয়েছে আধুনিক যন্ত্রপাতি সমৃদ্ধ বিজ্ঞানাগার, কম্পিউটার ল্যাব, কারিগরি বিভাগের জন্য রয়েছে অত্যাধুনিক মেশিন সমৃদ্ধ ব্যবহারিক কক্ষ। মেহেরাজ হোসাইন ১০ম শ্রেণি, রোল-০১ ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানটি জ্ঞানের আলো ছড়াচ্ছে। এই প্রতিষ্ঠানে অধ্যয়ন করে অনেকে সরকারি-বেসরকারি বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রতিষ্ঠানটি সামনের দিকে আরো সুনামের সঙ্গে ভালো ফলাফলে অবদান রাখবে এটা আমার প্রত্যাশা। আমি আমার শিক্ষা প্রতিষ্ঠানকে দেশের প্রথম সারির উচ্চ বিদ্যালয় হিসেবে দেখতে চাই। মাহমুদুল ইসলাম ৯ম শ্রেণি, রোল নং- ০১ বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে কম্পিউটার শিক্ষা গ্রহণ করা খুবই জরুরি। আমি চাই আমাদের বিদ্যালয়ের কম্পিউটার ল্যাবে নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা থাকুক। যার মাধ্যমে ইন্টারনেট সেবাগুলো পেতে সহজ হবে। আমার বিদ্যালয়টি ভালো ফলাফলের ধারা অব্যাহত রেখে সামনের দিকে এগিয়ে যাবে। আমি চাই বিদ্যালয়টি দেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে প্রতিষ্ঠিত হবে। রকিবুল হাসান চৌধুরী ৮ম শ্রেণি, রোল নং- ০১ আমি আমার বিদ্যালয়ে ক্যান্টিন, ফুল বাগান, পাঠাগার ও বিজ্ঞানাগারের আরো উন্নয়ন চাই। এছাড়া প্রয়োজনীয় শিক্ষা উপকরণ ও শিক্ষা সহায়ক পরিবেশ তৈরির মাধ্যমে একটি আদর্শ বিদ্যালয় হিসেবে দেখতে চাই। সেই সাথে বিদ্যালয়টি এই অঞ্চলের সেরা স্কুল হিসেবে গড়ে উঠুক। যাতে করে আমরা আমাদের এই স্কুলকে নিয়ে গর্ব করতে পারি। সোলতান মো. আসিফ ৭ম শ্রেণি, রোল নং- ০১ ফলাফলের দিক থেকে আমাদের স্কুল সব সময় ভালো করে। আমরা বিদ্যালয়টিকে সব সময় ভালো ফলাফলের সেরা বিদ্যালয় হিসেবে দেখতে চাই। সেই সাথে বিদ্যালয়ের সকল ধরনের সামাজিক কর্মকান্ড ও খেলাধুলার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান, শিক্ষা সফর প্রভৃতি কর্মকাণ্ড দেখতে চাই। নিয়মিত বিতর্ক চর্চার দাবি জানাই। সাদমান ছালেহ ৬ষ্ঠ শ্রেণি, রোল নং- ০১ আমি আমার বিদ্যালয়টি সব দিক থেকে স্বয়ংসম্পূর্ণ দেখতে চাই। শিক্ষা, বিনোদন, সাহিত্য-সংস্কৃতি, খেলাধুলাসহ সকল দিক থেকে সমভাবে কৃতিত্বের সঙ্গে এগিয়ে যাক এবং সামাজিক দায়িত্ববোধ সৃষ্টির মাধ্যমে দেশ ও জাতি গঠনে শিক্ষার্থীরা অবদান রাখুক এটাই আমার প্রত্যাশা। আমি এই বিদ্যালয়টিকে সাতকানিয়ার অহংকার হিসেবে দেখতে চাই।