২০১৮ সাল নাগাদ জিডিপির ১ শতাংশ আসবে দেশের সফটওয়্যার ও আইটি সেবা খাত থেকে। একইসাথে এ খাত থেকে রপ্তানী আয় বেড়ে দাঁড়াবে ১ বিলিয়ন মার্কিন ডলার। এ সময় দেশের সফটওয়্যার ও আইটি প্রফেশনালদের সংখ্যা দাঁড়াবে প্রায় দেড় লক্ষ। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর উদ্যোগে এবং ঢাকাস্থ ডেনমার্ক দূতাবাসের সহযোগিতায় বাস্তবায়িত ‘বাংলাদেশ ইনফরমেশন টেকনোলজি ম্যানেজমেন্ট প্রোগ্রাম’ (বিটম্যাপ-২) প্রকল্পের আনুষ্ঠানিক সমাপ্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বেসিস সভাপতি এ কথা বলেন। রাজধানীর একটি হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত ডেনমার্ক দূতাবাসের রাষ্ট্রদূত হ্যানে ফুগল এস্কজায়ের। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেসিস সভাপতি শামীম আহসান। অনুষ্ঠানে বিটম্যাপ ও বিটম্যাপ-২ প্রকল্পের পটভূমি, উদ্দেশ্য, কার্যক্রম ও অর্জন সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন বেসিস-এর সিনিয়র সহ-সভাপতি সৈয়দ আলমাস কবির। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন বেসিস মহাসচিব রাসেল টি আহমেদ। অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন বেসিস-এর সচিব হাশিম আহম্মদ।
