নিরাপত্তা যেসব স্থানে গুরুত্বপূর্ণ, সেসব স্থানে প্রযুক্তির ব্যবহারের বিকল্প নেই বললেই চলে। বিভিন্ন দেশেই তাই এখন মুদ্রাতে প্রযুক্তির ব্যবহার রয়েছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ এবারে নতুন ১০০ ডলারের কিছু নোট ছেড়েছে বাজারে, যেগুলোতে যুক্ত করা হয়েছে উন্নত সিকিউরিটি ফিচার। এই নোটগুলোতে যুক্ত করা নতুন ফিচারের মধ্যে রয়েছে ত্রিমাত্রিক রিবন এবং লিংকওয়েল লোগো। এগুলোকে নকল করা স্বাভাবিকভাবে অসম্ভব বলেই জানিয়েছে ফেডারেল রিজার্ভ কর্তৃপক্ষ। এর পাশাপাশি অত্যন্ত ক্ষুদ্র আকারের লেখাও ছাপা রয়েছে, যেগুলো বিবর্ধক কাঁচ ছাড়া পড়া অত্যন্ত কঠিন। আর রয়েছে বিশেষ ধরনের ছাপা, যা নোটটিকে স্পর্শ করলে অন্যান্য নোটের তুলনায় ভিন্ন অনুভূতি প্রদান করবে। এই নোটে অবশ্য আগের নোটগুলোয় ব্যবহূত প্রচলিত নিরাপত্তা চিহ্নগুলোও বর্তমান রয়েছে।
