নৌ মহড়া নিয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে উ:কোরিয়ার কঠোর হুঁশিয়ারি

আপডেট : ০৮ অক্টোবর ২০১৩, ২০:৪৬
দক্ষিণ কোরিয়া, জাপান ও যুক্তরাষ্ট্র কোরীয় উপদ্বীপে একত্রে নৌ মহড়া শুরু করতে যাওয়ায় ওয়াশিংটনের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছে উত্তর কোরিয়া। মঙ্গলবার পিয়ংইয়ং বলেছে, এ নৌ মহড়ার কারণে তারা তাদের সৈন্য বাহিনীকে আগাম সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দিয়েছে। সেইসঙ্গে তারা বলেছে, মহড়া চললে তারা পাল্টা হামলার জন্য প্রস্তুত রয়েছে। গত সপ্তাহে ওয়াশিংটন ও সিউলের মধ্যে নতুন এ কৌশলগত চুক্তি সই হয়। উভয়পক্ষই দাবি করছে, পিয়ংইয়ংয়ের ক্রমবর্ধমান পরমাণু ও রাসায়নিক অস্ত্রের হামলার হুমকি প্রতিহত করার জন্য এ চুক্তি সই করা হয়েছে। কেননা যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা সত্ত্বেও পিয়ংইয়ং তাদের পরমাণু কর্মসূচি অব্যাহত রাখার কথা জানিয়েছে। এ কারণে তারা ইয়ংবিয়ং পরমাণু চুল্লি পুনরায় চালু করেছে। এরপরই ওয়াশিংটন ও সিউলের মধ্যে নৌ মহড়া চালিয়ে যাবার চুক্তি সম্পাদিত হয়। আর এ ধরনের পদক্ষেপের কঠোর সমালোচনা করেছে উত্তর কোরিয়া। সেই সঙ্গে আগাম হামলা চালিয়ে শত্রুদের ধ্বংস করে দেয়ারও হুমকি দিয়েছে দেশটি। ত্রিদেশীয় এই নৌ মহড়া মঙ্গলবার থেকেই শুরু হওয়ার কথা এবং তা বৃহস্পতিবার পর্যন্ত চলবে। এতে পরমাণু শক্তিচালিত আমেরিকান বিমানবাহী রণতরী ইউএসএস জর্জ ওয়াশিংটন অংশ নেবে। তবে অন্য একটি সূত্র জানায়, ঘূর্ণিঝড় দানাসের কারণে এটি স্থগিত বা বাতিলও হয়ে যেতে পারে। বরাবরের মতোই উত্তর কোরিয়া এর তীব্র নিন্দা জানিয়ে বলেছে, এ ধরনের নৌ মহড়া চালালে উত্তর কোরিয়াও বসে থাকবে না। তারাও পাল্টা হামলা চালানোর জন্য প্রস্তুত রয়েছে। আর এ জন্য তাদের সৈন্য বাহিনীকেও আগাম নির্দেশ দেয়া হয়েছে। পিয়ংইয়ং যুক্তরাষ্ট্রের এ ধরনের পদক্ষেপকে মারাত্মক উস্কানি হিসাবে আখ্যা দিয়ে বলেছে, এটি পক্ষান্তরে কোরীয় উপদ্বীপকে পরমাণু যুদ্ধের দিকে ঠেলে দেয়ারই নামান্তর।