প্রয়োজনে তালেবানের সাথে ক্ষমতা ভাগাভাগি

আপডেট : ০৮ অক্টোবর ২০১৩, ২০:৪৮
যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে ন্যাটো বাহিনী ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই। বিবিসিকে দেয়া এক সাক্ষাত্কারে কারজাই বলেন, যৌথ বাহিনীর হাজার-হাজার সৈন্যের মৃত্যু এবং সামরিক অভিযানে কোটি কোটি ডলার ব্যয় করা ছাড়াও ন্যাটো বাহিনীর কারণে আফগানিস্তানকে অনেক কষ্ট ভোগ করতে হয়েছে। কারজাই বলেন, তিনি তালেবানদের সাথে ব্যক্তিগতভাবেও কথা বলছেন, যাতে তারা আগামী নির্বাচনে অংশগ্রহণ করে। কারজাইয়ের বর্তমান মেয়াদের মাত্র ছয় মাস বাকি রয়েছে। তিনি বলছেন, এখন তার লক্ষ্য আফগানিস্তানে শান্তি এবং নিরাপত্তা ফিরিয়ে আনা, এজন্যে তিনি তালেবানদের সাথে ক্ষমতা ভাগাভাগি করতেও আগ্রহী। ন্যাটো অভিযানে বেসামরিক মানুষের হতাহতের ঘটনা আফগান সরকার এবং যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আন্তর্জাতিক বাহিনীর মধ্যে বিরোধের একটি মূল কারণ।