পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, কোন দেশই জঙ্গিবাদ বা সন্ত্রাসের আশংকা থেকে মুক্ত নয়। জঙ্গিবাদ মোকাবিলায় সবদেশকে একযোগে কাজ করতে হবে। সম্প্রতি কেনিয়ার রাজধানী নাইরোবিতে একটি শপিং মলে ভয়াবহ সন্ত্রাসী হামলা হয়েছে। বাংলাদেশ সন্ত্রাস ও জঙ্গিবাদ নিয়ন্ত্রণে অনেক অগ্রগতি করেছে। কিন্তু দুঃখজনক হচ্ছে এখানে কোন কোন বড় দল সন্ত্রাসকে রাজনৈতিক প্রশ্রয় দিচ্ছে। বিএনপি জঙ্গিবাদ ও সন্ত্রাসের দোষর এবং পৃষ্ঠপোষক।
গতকাল মঙ্গলবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়ায় ডা. দীপু মনি একথা বলেন। সন্ত্রাস দমন ও সন্ত্রাসে অর্থায়ন সংক্রান্ত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব বাস্তবায়ন বিষয়ে এক জাতীয় কর্মশালার আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান ও পররাষ্ট্র সচিব শহীদুল হক কর্মশালার উদ্বোধনী পর্বে বক্তব্য রাখেন। মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা, জাপানের রাষ্ট্রদূত শিরো সাদোমিসা, অষ্ট্রেলিয়ার হাইকমিশনার গ্রেগ উইলককসহ বিভিন্ন বিদেশি মিশনের প্রতিনিধিরা অনুষ্ঠানে যোগ দেন।
পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের আরো জানান, সন্ত্রাস নিয়ন্ত্রণে জাতিসংঘ ঘোষিত করণীয় ১৬টি পদক্ষেপের ১৪টি ইতিমধ্যে বাংলাদেশ পালন করেছে। ২০০৮ সাল পর্যন্ত দুটি পদক্ষেপ নেয়া হয়। বর্তমান সরকার এই সময়ে অধিকাংশ পদক্ষেপ নেয়ায় বাংলাদেশের ভূমিকা উজ্জ্বল হয়েছে। অর্থমন্ত্রীর নেতৃত্বে একটি কমিটি সন্ত্রাসে অর্থায়ন নিয়ন্ত্রণ সম্ভব হচ্ছে। কিন্তু আমরা সন্ত্রাসের হুমকির বাইরে নই। দুঃখজনকভাবে সন্ত্রাসে রাজনৈতিক মদদ দেয়া হচ্ছে।
