ইয়ুথ লিডারশিপ বুটক্যাম্প সমাপ্ত

আপডেট : ০৮ অক্টোবর ২০১৩, ২১:১৫
গত সোমবার বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টার আয়োজিত তিনদিনব্যাপী নেতৃত্ব উন্নয়নমূলক কর্মশালা ‘ইয়ুথ লিডারশিপ বুটক্যাম্প ২০১৩’ সমাপ্ত হয়েছে। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য আয়োজিত এ কর্মশালাটিতে অংশ নিয়েছিলেন সারাদেশের ১৮৮টি প্রতিষ্ঠানের ১১৫৫টি আবেদনপত্র থেকে বাছাই হয়ে আসা ১০০ জন শিক্ষার্থী। কর্মশালাটিকে তিনটি ধাপে সাজানো হয়। প্রথম দিনের শেষে শিক্ষার্থীরা নিজেদের ভেতরকার ক্ষমতাকে বুঝতে ও সেগুলোকে উন্মোচন করতে চেষ্টা করেন, যেখানে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিওয়াইএলসি-এর প্রতিষ্ঠাতা ও সভাপতি ইজাজ আহমেদ এবং বাংলাদেশ গণিত অলিম্পিয়াড আয়োজক কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান। দ্বিতীয় দিনে শিক্ষার্থীরা কর্মক্ষেত্রের নানামুখী বাস্তবতার সাথে পরিচিত হতে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড, স্ট্যান্ডার্ড চ্যার্টার্ড ব্যাংক, একে খান এন্ড কোম্পানি লিমিটেড, ব্র্যাক, এম এম ইস্পাহানি লিমিটেড এবং ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেড পরিদর্শনে যান। এরপর ফিউচার লিডার্স এর সিইও এবং প্রধান উপদেষ্টা কাজী এম আহমেদ পারস্পারিক কথোপকথন প্রসঙ্গে একটি সেশন পরিচালনা করেন। সমাপনী দিনের পর্বগুলো ছিল শিক্ষার্থীদের জীবনের লক্ষ্য এবং ক্যারিয়ারের বিভিন্নমুখী সমস্যা ও সম্ভাবনা বিষয়ক, যেখানে ছিল কর্মক্ষেত্রে প্রবেশ প্রক্রিয়ার নানাদিক ও প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত আলোকপাত। এছাড়া ‘বিশ্ব নাগরিকত্ব’ শিরোনামে একটি পর্ব পরিচালনা করেন বাংলাদেশে জাতিসংঘের সমন্বয়ক নিল ওয়াকার। তার উপস্থিতিতে দিনশেষে নৈশভোজের মাধ্যমে কর্মশালার সমাপ্তি ঘটে। এতে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন চট্টগ্রামের নেতৃস্থানীয় উদ্যোক্তা, শিক্ষাবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিগণ। -প্রেস বিজ্ঞপ্তি