আক্কেলপুরে রোপা আমনে মাজরা পোকার আক্রমণ

আপডেট : ০৮ অক্টোবর ২০১৩, ২১:২৪
জয়পুরহাটের আক্কেলপুরে রোপা আমন ক্ষেতে ব্যাপকহারে খোলপচা ও মাজরা পোকার আক্রমণ দেখা দিয়েছে। এতে দিশেহারা হয়ে পড়েছেন এ উপজেলার হাজার হাজার কৃষক। আক্কেলপুর উপজেলার বিভিন্ন মাঠ ঘুরে দেখা গেছে, এসব মাঠের অনেক স্থানে সবুজ ধানক্ষেত খোলপচা ও মাজরা পোকার আক্রমণে বিবর্ণ রং ধারণ করেছে। এসব ধানক্ষেতে কীটনাশক প্রয়োগ করেও তেমন সুফল পাচ্ছে না। আক্কেলপুর পৌর সদরের কৃষক সহিদুল ইসলাম জানান, ৭ বিঘা জমিতে রোপা আমন চাষ করেছেন। এসব জমির মধ্যে প্রায় ৫ বিঘা জমিতে খোলপচা রোগ ও মাজরা পোকার আক্রমণ দেখা দিয়েছে। উপজেলার তিলকপুর গ্রামের কৃষক আবু হাসান জানান, তার প্রায় ৩ বিঘা জমির ধান মাজরা পোকার আক্রমণে বিনষ্ট হওয়ার উপক্রম হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা আবু হোসেন বলেন, চলতি মৌসুমে আক্কেলপুর উপজেলায় ৯ হাজার ৯শ’ ৫০ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। কৃষকদেরকে খোলপচা ও মাজরা পোকা আক্রান্ত জমিতে কীটনাশক ব্যবহারের পরামর্শ দেয়া হয়েছে।