বান্দরবান ও বাগেরহাটসহ বিভিন্ন স্থানে চারজন খুন

আপডেট : ০৮ অক্টোবর ২০১৩, ২১:২৫
বান্দরবান, বাগেরহাট ও মাগুরাসহ দেশের বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় চারজন খুন হয়েছেন। -খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের। বান্দরবান নিখোঁজ হওয়ার দুদিন পর বান্দরবানের বেতছড়া সাঙ্গু নদী থেকে গতকাল মঙ্গলবার সকালে সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানভীর মাহমুদের (২৩) লাশ উদ্ধার করা হয়। গত রবিবার দুপুরে সাঙ্গু নদীতে গোসল করতে গিয়ে প্রবল স্রোতে পানির নিচে তলিয়ে গিয়ে নিখোঁজ হন তিনি। তিনি বান্দরবান ৬৯ সেনা রিজিয়নের আওতাধীন দুর্গম বেতছড়া সেনা ক্যাম্পের ইনচার্জ হিসেবে নিয়োজিত ছিলেন। তার বাড়ি কুমিল্লা জেলায়। বাগেরহাট বাগেরহাট সদর উপজেলার গোবরদিয়া গ্রামে গত সোমবার রাতে পরকীয়া সন্দেহে স্বামী গলায় শাড়ি পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছে আমেনা ওরফে রেশমা নামে (২৫) এক গৃহবধূকে। ঘটনার পর স্বামী আল আমিন মোল্লা পলাতক। এ ঘটনায় নিহতের বাবা মুজিবর শেখ বাগেরহাট মডেল থানায় আল আমিন মোল্লার বিরুদ্ধে একটি হত্যা মামলা করেছেন। মাগুরা মাগুরায় গতকাল মঙ্গলবার ভোরে সিরাজুল ইসলাম (৫৮) নামে এক ট্রাক চালককে হত্যা করেছে দুর্বৃত্তরা। পাটুরিয়া ফেরিঘাট থেকে যাত্রীবেশী কয়েকজন দুর্বৃত্ত ট্রাকে ওঠে। জানা যায়, দুর্বৃত্তরা চালক সিরাজুলকে চেতনানাশক ওষুধ খাইয়ে হত্যা করে এবং হেলপারকে মারধর করে মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের সদর উপজেলার হাজরাপুরে রাস্তার পাশে ফেলে রেখে সয়াবিন তেল ভর্তি ট্রাক নিয়ে পালিয়ে যায়। আহত ট্রাক হেলপার জাকিরকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠান। শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুরে সোমবার বিকালে স্বামীর হাতে কুলসুম বেগম (২৬) নামে এক গৃহবধূ খুন হয়েছেন। পুলিশ স্বামী শহীদুল ইসলামকে গ্রেফতার করেছে। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, পারিবারিক কলহের জের ধরে বিকালে স্বামী-স্ত্রীর কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শহীদুল স্ত্রীকে মারধর করলে ঘটনাস্থলেই সে মারা যায়।