ভারতীয় দুই কিশোর অ্যাপ্লিকেশন ডেভেলপারের কথা

আপডেট : ০৮ অক্টোবর ২০১৩, ২১:৪৪
বছর দুয়েক আগেই ‘ক্যাচ মি কপ’ নামে আইফোনের জন্য একটি গেমিং অ্যাপ তৈরি করেন দুই ভাই। এরপর কেটে গেছে দুই বছর। এই সময়ে দুই ভাই মিলে তৈরি করেছেন আরও ১০টি অ্যাপ্লিকেশন। অ্যাপল স্টোর আর গুগল প্লে স্টোরে এই অ্যাপ্লিকেশনগুলো ডাউনলোড হয়ে যাচ্ছে নিয়মিত। এখন পর্যন্ত ৩৫ হাজারেরও বেশি সংখ্যকবার ডাউনলোড হয়েছে এই অ্যাপ্লিকেশনগুলো। ফলে দুই ভাইয়ের তৈরি অ্যাপ্লিকেশনগুলোকে জনপ্রিয় না বলে উপায় নেই। আর দুই ভাইকেও সফল অ্যাপ্লিকেশন ডেভেলপার বলতেই হবে। তবে বিচ্ছিন্নভাবে অ্যাপ্লিকেশন তৈরি করছে না এই দুই ভাই। নিয়মিত অ্যাপ্লিকেশন তৈরি করতে ‘গো ডাইমেনশনস’ নামে একটি প্রতিষ্ঠানই তৈরি করে নিয়েছেন। সেই হিসেবে এই দুই ভাইকে উদ্যোক্তাও বলা যায়। তবে অবাক হতে হবে এই দুই ভাইয়ের বয়স শুনলে। দুই ভাইয়ের মধ্যে বড় ভাই শ্রাবণ কুমারনের বয়স এখন ১৪ বছর, আর ছোট ভাই সঞ্জয় কুমারনের বয়স ১২ বছর। তার মানে প্রথম অ্যাপ্লিকেশনটি তৈরির সময় দুই ভাইয়ের বয়স ছিল যথাক্রমে ১২ এবং ১০ বছর। হ্যাঁ, যে বয়সে সাধারণত শিশুরা স্কুলের পাশাপাশি হোমওয়ার্কের সময় শেষ হলেই খেলায় বা টিভি দেখায় মেতে উঠে, সেই সময়ে এই দুই ভাই অ্যাপ্লিকেশন তৈরিতেই কাটিয়েছে সময়। কয়েকদিন আগেই ব্যাঙ্গালোরে একটি ইভেন্টে হাজির হয় এই দুই ভাই। আর সেখানেই তারা তাদের কথা জানায়। ইভেন্টে উপস্থিত সাড়ে ৫ হাজারেরও বেশি দর্শকের সামনে তারা যে আত্মবিশ্বাস নিয়ে কথা বলেছেন, তা সাধারণত অনেক বয়স্ক মানুষের মাঝেই দেখা যায়। ছোট ভাই সঞ্জয় বলেন, ‘সাফল্যের জন্য প্রথমেই প্রয়োজন শক্তিশালী একটি আইডিয়া। এর সাথে সাথে আপনার প্রয়োজন হবে আত্মবিশ্বাস, ভালো একটি ব্যবসায়িক পরিকল্পনা এবং অবশ্যই অর্থের উত্স।’ নিজেরা কাজ করার জন্য অর্থের সংস্থান কোথায় পেয়েছেন, এমন প্রশ্নে জবাবে সঞ্জয় বলেন ‘আপনার কখনও ড্যাড ফান্ডিং’য়ের কথা শুনেছেন?’ অর্থাত্, বাবার কাছ থেকেই আর্থিক সহযোগিতা পেয়ে এসেছেন এই দুই ভাই। চেন্নাইয়ে বেড়ে ওঠা এই দুই ভাইয়ের মধ্যে বড়জন পড়েন নবম শ্রেণিতে আর ছোটজন সপ্তম শ্রেণিতে। তারা জানান, ক্লাস আর হোমওয়ার্কের পরের সময়টা তারা কাজে লাগিয়েছেন অ্যাপ্লিকেশন তৈরিতে। তাদের বাড়ির একটি কাজে না লাগা ঘরকেই মূলত তারা বেছে নিয়েছেন এই কাজের জন্য। সেখানেই তাদের জন্য রয়েছে ম্যাক, আইফোন, গ্যালাক্সির মতো সব ডিভাইস। আর সেগুলো ব্যবহার করেই নতুন নতুন অ্যাপ্লিকেশন তৈরিতে মেতে ওঠে দুই ভাই। দুই ভাইয়েরই বয়স ১৮’র নিচে বলে তাদের কোম্পানি ‘গো ডাইমেনশন’ নিবন্ধিত হয়নি তাদের নামে। তাদের পরিবারের অন্য যে সাত সদস্যের বয়স ১৮ বছরের বেশি, তাদের নামেই নিবন্ধিত হয়েছে এই কোম্পানি। শ্রাবণ জানান, তাদের কাজের অন্যতম প্রধান অনুপ্রেরণার নাম স্টিভ জবস। স্টিভ জবসের হাত ধরেই মূল মোবাইল ডিভাইসে পরিচ্ছন্ন ইন্টারফেস যাত্রা শুরু করে। তার মতো করেই নতুন নতুন উদ্ভাবনে মেতে উঠতে চায় কিশোর এই দুই ভাই।