অনেক সময়েই ভাইরাসের আক্রমণে অনেক ফাইল হিডেন হয়ে যায়। আবার অনেক ফাইলই রূপান্তরিত হয়ে যায় সিস্টেম ফাইলে। সাধারণভাবে তখন ফাইলের প্রোপার্টিজে গিয়ে ফাইলের ধরণ পরিবর্তন করা সম্ভব হয় না। আবার অনেক সময় কোনো ছবি বা ফাইল-ফোল্ডারের দিন-তারিখ পরিবর্তন করার দরকার হয়ে পড়ে। এসব কাজগুলোকে অত্যন্ত সহজে সম্পাদন করতে অত্যন্ত কার্যকরী একটি অ্যাড-অন সফটওয়্যারের নাম ‘অ্যাট্রিবিউট চেঞ্জার’। উইন্ডোজ এক্সপ্লোরারের এই অ্যাড-অনটি পিসির দৈনন্দিন অনেক কাজকর্মকেই সহজ করে দেয়।
উইন্ডোজ এক্সপি থেকে শুরু করে পরবর্তী সব সংস্করণেই কাজ করে অ্যাট্রিবিউট চেঞ্জার। ৩২-বিট এবং ৬৪-বিট সংস্করণের অপারেটিং সিস্টেমে সমানভাবে কার্যকর এটি। সফটওয়্যারটি ইন্সটল করলেই যেকোনো ফাইল বা ফোল্ডারে মাউসের ডান বাটন ক্লিক করলে আসা মেন্যুতে সংযুক্ত হয়ে যাবে এই সফটওয়্যার। আর সেখান থেকেই আপনার প্রয়োজনীয় কাজগুলো করে নিতে পারবেন।
অ্যাট্রিবিউট চেঞ্জারে যেসব কাজ করা যায়, তার মধ্যে প্রধান হচ্ছে ছবির দিন-তারিখ সংযোজন। ক্যামেরাতে দিন-তারিখ ঠিকমতো সেট না করা তাকলে ছবিতে এই তথ্যগুলো সঠিকভাবে থাকে না। সেক্ষেত্রে অ্যাট্রিবিউট চেঞ্জার কাজটি সহজ করে দেয়। ফাইল ও ফোল্ডার স্থানান্তরেও অনেক সময় দিন-তারিখ পরিবর্তন হয়ে যেতে পারে। সেখানেও কাজে লাগবে এটি। ব্যাচ প্রসেসিংয়ে সক্ষম বলে অনেকগুলো ফাইল ফোল্ডারের প্রোপার্টিজ একসাথেই বদলে দিতে পারবেন। আর হিডেন বা সিস্টেম ফাইল ও ফোল্ডারের প্রোপার্টিজ বদলানোর কাজ তো রয়েছেই। অনেক কষ্ট করেও যেসব হিডেন বা সিস্টেম ফাইলে রূপান্তরিত ফাইল বা ফোল্ডার বাগে আসেনি, সেগুলো এর মাধ্যমে সহজেই বদলে নিতে পারবেন।
http://www.petges.lu ঠিকানায় গিয়ে ডাউনলোড করে নিতে পারবেন এই সফটওয়্যারটি।
