আগামীকাল ‘যন্ত্রসংগীতে ঐকতান’

আপডেট : ০৮ অক্টোবর ২০১৩, ২১:৫৮
‘ডিজিটাল প্রযুক্তিতে সংস্কৃতির ভৌত সুবিধাদি সন্নিবেশকরণ’ এবং ‘দেশজ সংস্কৃতির বিকাশ ও আন্তর্জাতিক সংস্কৃতির সাথে মেলবন্ধন’ শীর্ষক দুই কর্মসূচির আওতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সংগীত ও নৃত্য বিভাগের ব্যবস্থাপনায় আগামীকাল সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে একাডেমীর জাতীয় নাট্যশালা মিলনায়তনে আয়োজন করা হয়েছে ‘যন্ত্রসংগীতে ঐকতান (অর্কেস্ট্রা)’ শীর্ষক অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা এইচটি ইমাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিল্পী মুস্তাফা মনোয়ার এবং এসএ টিভির প্রধান নির্বাহী ও চলচ্চিত্র নির্মাতা সৈয়দ সালাউদ্দিন জাকী। সভাপতিত্ব করবেন একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী। আলোচনা শেষে পরিবেশিত হবে যন্ত্রসংগীতানুষ্ঠান ‘রঙের আলো-আঁধারি’ (সানী জুবায়ের), ‘সুরের ছোঁয়া’ (সুনীল চন্দ্র দাস), ‘প্রকৃতিতে সূর্যের প্রভাব’ (আলী এফএম রেজোয়ান), ‘উড়ন্ত পাখি’ (মো. মনিরুজ্জামান), ‘শিকারোল্লাস ও মধ্যরাতের কান্না’ (ড. সাইম রানা)। এ ছাড়াও বাংলাদেশ শিল্পকলা একাডেমী এবং ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির যৌথ উদ্যোগে গত ৬ থেকে আগামী ১১ অক্টোবর পর্যন্ত প্রতিদিন বেলা ৩টা থেকে ৫টা এবং সন্ধ্যা ৭টায় একাডেমীর জাতীয় চিত্রশালা মিলনায়তনে চলছে বাংলাদেশে নির্মিত নারী নির্মাতাদের বাছাইকৃত ২৪টি চলচ্চিত্র প্রদর্শনী।