র্যাম্পতারকা হিসেবেই আইরিনকে সবাই চেনে। প্রতিভার জানান দিতে নাটক ও বিজ্ঞাপনচিত্রে নিজেকে জড়িয়েছেন বেশ আগে। সম্প্রতি বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করছেন। এই মাধ্যমটিতে অভিনয় দিয়ে নিজের যোগ্যতা প্রমাণ করতে সদা ব্যস্ত তিনি। তাকে নিয়ে লিখেছেন খালেদ আহমেদ ও ছবি তুলেছেন তাহের মানিক
মিডিয়ার তার যাত্রা শুরু র্যাম্প মডেলিংয়ের হাত ধরেই। সেই পথচলাটাও ছিল অনেকটা শখের বশে। তবে অল্প সময়েই আইরিন নিজের মেধা ও যোগ্যতা দিয়ে র্যাম্পে নিজের স্বকীয় অবস্থান গড়তে সক্ষম হয়েছেন। দীর্ঘ ছয় বছরে তিনি পারফর্ম করেছেন অসংখ্য ফ্যাশন শো’তে। এরমধ্যে উল্লেখযোগ্য হলো—ব্রাইডাল ফ্যাশন শো, জেসিআই শো, টেক্স বাংলা শো, আপন জুয়েলার্স ফ্যাশন শো, বাটেক্সপো নাইট, এক্সটেসি, চেক, অহং, সুপার’স ওয়ার্ল্ড, ডিসিসিআই ফ্যাশন শো, ঢাকা চার শ’ বছর ফ্যাশন শো, উইন্টার ফ্যাশন শো, সনি এরিকসন ফ্যাশন শো, ইনিসপিরেশন ফ্যাশন শো, সাপ্তাহিক ২০০০ ফ্যাশন শো, অঞ্জন’স ফ্যাশন শো, বেক্সিফেব্রিক্স অন্যদিন ফ্যাশন শো, ক্যাটেক্সপো, জিপি ও হাওয়াই কনটেস্ট ফ্যাশন শো প্রভৃতি। ২০০৮ সালে ‘ইউ গট দ্য লুক’ প্রতিযোগিতায় অংশ নিয়ে ‘বেস্ট স্মাইল’ পদবী লাভ করেন। মডেলিং প্রসঙ্গে তিনি বলেন, ‘ফ্যাশন সময়ের বাহন। সংস্কৃতিকে ধারণ করেই পোশাক তৈরি হয়। আর ফ্যাশন হাউসের জন্য মডেল প্রয়োজন। মডেলরাই একটি পোশাককে ক্রেতাদের কাছে নান্দনিকভাবে উপস্থাপন করেন। সারাবিশ্বে আজ র্যাম্প মডেলদের (ক্যাটওয়াক) ডিমান্ড অনেক বেশি।’ দেশীয় র্যাম্প মডেলিং বিষয়ে আইরিন জানালেন, ‘আমাদের দেশে বর্তমানে র্যাম্পে মডেলিংয়ের অবস্থা আগের চেয়ে অনেক ভালো। এখন অনেক টিভি চ্যানেল, পত্রপত্রিকা রয়েছে।’ র্যাম্পের পাশাপাশি বিভিন্ন বিজ্ঞাপনচিত্রের মডেল হিসেবেও কাজ করেছেন তিনি। এরমধ্যে রবি’র ‘তোমাকে দিয়ে কিছু হবে না’, প্রাণ ডাল, জেনোসিস রিয়েল এস্টেট, আখতার ফার্নিচার প্রভৃতি। এরপর বিভিন্ন টিভি নাটকে ভালো কিছু চরিত্রে অভিনয় করে প্রশংসা পেয়েছেন তিনি। আশুতোষ সুজনের ‘ম্যানপাওয়ার’ ছিল আইরিনের প্রথম প্রচারিত টিভি নাটক। আফসানা মিমি’র ধারাবাহিক নাটক ‘পৌষ ফাগুনের পালা’তে স্বর্ণলতা চরিত্রে অভিনয় করে একজন ভালো অভিনেত্রী হিসেবে নিজেকে প্রমাণ করেন। এরপর অভিনয় করেন তানভীর হোসেন প্রবালের ‘তবুও সংশয়’ নামক খণ্ড নাটকে। পরে আশুতোষ সুজনের পরিচালনায় ধারাবাহিক নাটক ‘জলছবি’তে ও আশিকুর রহমানের পরিচালনায় একখণ্ডের নাটক ‘মডেল’-এ অভিনয় করেন। বর্তমানে এই র্যাম্প তারকার নামের সাথে আরেকটি তকমা যুক্ত হয়েছে। তা হলো—চিত্রনায়িকা। সম্প্রতি তিনি দেশীয় চলচ্চিত্রের রঙিন ক্যানভাসে নাম লিখিয়েছেন। মোহাম্মদ হোসেন পারভেজের পরিচালনায় ‘প্রিয়তমা, তুমি দাড়ি আমি কমা’ নামের চলচ্চিত্রে প্রধান নায়িকা চরিত্রে অভিনয় করছেন। এই ছবিতে তার বিপরীতে নায়ক হিসেবে আছেন সুপার হিরো সুপার হিরোইন খ্যাত নিলয়। প্রথম ছবির কাজ না শেষ হতেই আরও চারটি নতুন চলচ্চিত্রে কাজ করার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এগুলো হলো—গাজীউর রহমানের পরিচালনায় ‘সেই তুমি’, সাইফ চন্দনের ‘ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল’, ফয়সাল রোদ্দীর ‘এ কেমন প্রেমের গল্প’ ও দেবাশীষ বিশ্বাসের ‘ভালোবাসা জিন্দাবাদ’। এ ছাড়া মুহম্মদ জাফর ইকবালের লেখা কিশোর উপন্যাস এবং আফসানা মিমির পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘ক্যাম্প’-এ গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাকে। বর্তমানে তিনটি চলচ্চিত্রের শুটিং নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন আইরিন। দেবাশীষ বিশ্বাসের পরিচালনায় ‘ভালোবাসা জিন্দাবাদ’ ছবিটি আসছে ঈদের মুক্তি পাওয়ার কথা থাকলেও তা হচ্ছে না। ব্যবসায়িক প্রয়োজনে পরিচালক ছবিটি মুক্তি দিচ্ছেন ঈদের পর নভেম্বর মাসের প্রথম দিকে। এই ছবিতে আইরিনের বিপরীতে নায়ক হিসেবে আছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা আরেফিন শুভ। তার জন্ম ও বেড়ে ওঠা যশোরে। আইরিনের বাবা মতিয়ার রহমান একজন ব্যবসায়ী এবং মা শামসুন্নাহার গৃহিণী। পরিবারে তিন ভাইবোনের মধ্যে আইরিন সবার ছোট। কন্যা রাশির এই জাতিকা কাজের পাশাপাশি এমবিএ শেষ করেছেন। আইরিনের স্বপ্ন একটাই—আর তা হলো চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকদের ভালোবাসা অর্জন করা।
