আবার আলোচনায়

আপডেট : ০৯ অক্টোবর ২০১৩, ১৮:১৩
কঙ্গনা রানাওতকে নিয়ে বলিউডে আলোচনা বেশ জমে উঠেছে আজকাল মুক্তি প্রতীক্ষিত ‘কৃষ থি’ ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে রূপদান করেছেন গ্যাংস্টার গার্ল কঙ্গনা। এখন টিভি পর্দায় নায়ক হূত্বিক রোশনের সঙ্গে একটি চমত্কার রোমান্টিক গানের দৃশ্যে দেখা যাচ্ছে তাকে। এখানে তার পারফর্মেন্স সবাইকে আকৃষ্ট করেছে। যদিও এ ছবির নায়িকা প্রিয়াঙ্কা চোপড়া, খলনায়িকা হিসেবে দেখা যাবে কঙ্গনাকে। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে ‘কৃষ থ্রি’ ছবিতে সারপ্রাইজিং স্টার হিসেবে চমক দেখাবেন কঙ্গনাই। এই মুহূর্তে বেশ কয়েকটি নতুন ছবির কাজ নিয়ে ব্যস্ত আছেন তিনি। এ ছবিগুলো কঙ্গনার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দিতে পারে, অভিজ্ঞমহল ধারণা করছেন। কঙ্গনা নিজেও এ নিয়ে অনেকটা উত্কণ্ঠার মধ্যে আছেন। তার ক্যারিয়ারের বর্তমান অবস্থা এবং ভবিষ্যতের সম্ভাবনার কথা তুলে ধরেছেন রেজাউল করিম খোকন কঙ্গনা রানাওত বলিউডে আছেন গত সাত বছর। ‘গ্যাংস্টার’ ছবিটি দিয়ে বলিউডে তার পথচলা শুরু। প্রথম ছবিতেই সবার নজর কাড়েন নন ফিল্মি ব্যাকগ্রাউন্ড থেকে আসা নতুন এই অভিনেত্রী। তখন তার বয়স ছিল মাত্র ১৯। বলিউডে কোনো গডফাদার ছিল না তার। তার বাবা-মা ফিল্ম ইন্ডাস্ট্রির কেউ নন। গত সাত বছরে নিজের চেষ্টায় তিল তিল করে গড়ে তুলেছেন তার আজকের অবস্থান। ‘গ্যাংস্টার, ‘ফ্যাশন’, ‘ওহ্ লামহে’, ‘লাইফ ইন মেট্রো’, ‘তানু ওয়েডস মানু’, ‘কাইটস, ‘ওয়ানস আপন এ টাইম ইন মুম্বাই’ ছবিগুলোতে দর্শক কঙ্গনাকে এক সুঅভিনেত্রী হিসেবে দেখেছেন। এরমধ্যে সিজোফ্রেনিয়া আক্রান্ত এক হতাশ র্যাম্প মডেলের ভূমিকায় ‘ফ্যাশন’ ছবিতে অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার পেয়ে নিজের যোগ্যতা প্রমাণ দিয়েছেন। এরপরেও যেন কঙ্গনা তার উপযুক্ত অবস্থানে পৌঁছতে পারেননি। এখনও তাকে অনিশ্চয়তার মধ্যে থাকতে হয় মাঝেমধ্যে। এ প্রসঙ্গে নিজের তিক্ত অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ‘সিনেমা জগতটা অনিশ্চিত এক জায়গা, এখানে অনেক সময় কাজের এত ব্যস্ততা থাকে যে করেও কুলিয়ে ওঠা যায় না। আবার অনেক সময় কাজ না থাকায় চরম অনিশ্চয়তায় ছেয়ে যায় জীবন, বেকার বসে থাকতে হয়, আমাকেও তেমন দুঃসহ অভিজ্ঞতা অর্জন করতে হয়েছে বলতে দ্বিধা নেই। শুধু আমিই নই, আমার মতো সবাইকে তেমন খারাপ সময়ের মুখোমুখি হতে হয়েছে আবার ভালো সময়ও এসেছে অনেক প্রত্যাশা আর সাফল্যের ডালি নিয়ে।’ কঙ্গনার ইদানীংকার সময় বেশ ভালো যাচ্ছে। বর্তমানে ‘কৃষ থ্রি’ ছাড়াও তার অভিনীত আরও বেশ কয়েকটি ছবি মুক্তির মিছিলে রয়েছে। একটি ছবির অভিনীত চরিত্রের সঙ্গে অন্যটির কোনোই মিল নেই। যেমন মুক্তি প্রতীক্ষিত ‘রাজ্জো’ ছবির নাম ভূমিকায় অভিনয় করছেন কঙ্গনা, এখানে এক মুজরা নর্তকীর ভূমিকায় দেখা যাবে তাকে। যে একসময় ১৮ বছর বয়সী এক তরুণের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। এ নিয়ে চরম নাটকীয়তা সৃষ্টি হয়। ‘রাজ্জো’ ছবির কাহিনীর মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে কঙ্গনার অভিনীত চরিত্রটি। রাজ্জো চরিত্রে সিরিয়াস অভিনয় করেছেন তিনি। কঙ্গনার ধারণা দর্শক তাকে ভিন্ন এক অবয়বে দেখতে পারেন ছবিটিতে এবং তার সম্পর্কে নতুন ধারণা লাভ করবেন। এবারের দিওয়ালি উত্সবে ‘রামলীলা’ চবির সঙ্গে কঙ্গনা রানাওত অভিনীত ‘রাজ্জা’ ছবিটি মুক্তি পাবার সম্ভাবনা রয়েছে। ওদিকে ব্যতিক্রমী গল্পের ছবি ‘কুইন’-এ কঙ্গনা আসছেন দিল্লির এক সাধারণ মেয়ে কুইনের ভূমিকায়। যে বিশ্বভ্রমণে বেরিয়ে বিচিত্র অভিজ্ঞতা লাভ করে। ইতোমধ্যে কঙ্গনার ‘কুইন’ ছবিটি নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে কৌতূহল সৃষ্টি হয়েছে। জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী নির্মাতা বিকাশ ভালের ‘কুইন’ ছবিটির প্রিমিয়ার হবে ১৮তম বুশান ফিল্ম ফেস্টিভ্যালে যা কোরিয়ায় হয়ে থাকে। আগামী বছর ফেব্রুয়ারিতে ভারতজুড়ে মুক্তি পাবে ‘কুইন’ ছবিটি। ৩টি দেশের ১৪৭টি লোকেশনে শুটিং হয়েছে এ ছবির। কঙ্গনা নিজেও তেমন একটি আলোচিত সিনেমার প্রধান তারকা হিসেবে অনেকটা উত্তেজনার মধ্যে আছেন। এ ছবিতে ভীষণ জটিল এক নারী চরিত্রে অভিনয় করেছেন কঙ্গনা। নিজেকে আকর্ষণীয় সুন্দর নারীরূপে নয়, বরং অনেকটা অসুন্দর এক নারী হয়ে আসছেন তিনি ‘রিভলভার রানি’ ছবিতে। এ ছবিতে নিজের অভিনয়ের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে কঙ্গনা বলেন, ‘আমার অভিনয় জীবনে এটা ভীষণ কঠিন এবং জটিল চরিত্র ছিল। আমাকে অনেক কষ্ট করতে হয়েছে এজন্য। নিজেকে যাতে কোনোভাবেই সুন্দরী মনে না হয় সেদিকে সব সময় নজর রাখতে হয়েছে ‘রিভলভার রানি’ ছবিতে দর্শক কঙ্গনার কুিসত রূপ দেখে হয়তো অবাক এবং মুগ্ধ হবেন। অভিনীত চরিত্রটিকে বিশ্বাসযোগ্য করতে তার নিষ্ঠা ও পরিশ্রম ছবিটির সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে আলোড়িত করেছে। কঙ্গনার ‘রিভলভার রানি’ও অল্প কিছুদিনের মধ্যে মুক্তির মিছিলে চলে আসবে। তার আরেকটি ছবি ‘আই লাভ নিউ ইয়ার’ মুক্তির জন্য প্রস্তুত হয়ে আছে অনেকদিন ধরে। মাঝখানে মুক্তির তারিখও ঠিক হয়েছিল। কিন্তু নানা কারণে ছবিটির মুক্তি পিছিয়ে গেছে। এ বছরেই কোনো এক সপ্তাহে তার ‘আই লাভ নিউইয়ার’ ছবিটি মুক্তি পাবে বলে জানা গেছে। এ বছর কঙ্গনা অভিনীত ‘গলি’ ছবিটিও আসছে। এ ছবিতে ইমরান হাশমি ও সঞ্জয় দত্তের সঙ্গে অন্যতম প্রধান নায়িকারূপে দেখা যাবে তাকে। চলতি বছরে কয়েক মাস আগে কঙ্গনা অভিনীত ‘শুট আউট অ্যাট ওয়াডালা’ ছবিটি মুক্তি পেয়ে বেশ ভালো ব্যবসা করেছে। এ ছবিতে জন আব্রাহামের প্রেমিকা হিসেবে তার চমত্কার অভিনয় সবার প্রশংসা অর্জন করেছে। তবে কঙ্গনাকে নিয়ে এখন বেশি আলোচনা হচ্ছে তার অভিনীত ‘কৃষ থ্রি’ সম্পূর্ণ নেগেটিভ ইমেজে তাকে দেখা যাবে ঋত্বিক রোশনের সঙ্গে তার প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হওয়ার পাশাপাশি তার সঙ্গে প্রেম করতে। এ ছবিতে কঙ্গনা অভিনীত চরিত্রটি নির্বাক হলেও তার চোখ ধাঁধানো অ্যাকশন-গ্ল্যামারাস উপস্থিতি দর্শকদের আবিষ্ট করবে। এ ছবিতে কঙ্গনা অভিনীত কায়া চরিত্রটি নিয়ে কম গবেষণা হয়নি। কমপক্ষে ৩০ ধরনের স্কেচ করে চরিত্রটির চেহারা চূড়ান্ত করা হয়। শুটিং শুরুর আগেই কঙ্গনার শরীরের ওজন কমাতে হয়েছে। ‘কৃষ থ্রি’ ছবিতে তিনি যে পোশাক ও গয়না পরে অভিনয় করেছেন সেগুলো স্পেশাল অর্ডার তৈরি বিপুল অর্থ ব্যয়ে তৈরি করা হয়েছে। তার অভিনীত চরিত্রটিতে অভিনয়ের জন্য চিত্রাঙ্গদা সিং, জ্যাকুলিন ফার্নান্দেজ, নার্গিস ফখরি, বিপাশা বসুকে প্রস্তাব দেওয়া হয়েছিল। শেষ পর্যন্ত কঙ্গনার ভাগ্যে জুটেছে চরিত্রটি। এ ছবিতে কঙ্গনা-হূত্বিকের ‘দিল তুহি বাতা’ গানটি এরমধ্যেই দর্শক-শ্রোতাদের পছন্দের তালিকার শীর্ষে জায়গা করে নিয়েছে। ‘কৃষি থ্রি’ ছবির গান ও প্রমো দেখে অনেক দর্শক মন্তব্য করছেন, এ ছবির প্রধান নায়িকা প্রিয়াঙ্কা চোপড়ার চেয়ে কঙ্গনাই নেগেটিভ নারী চরিত্র কায়ার ভূমিকায় বেশি বাজিমাত করবেন। সব মিলিয়ে এ বছরটা কঙ্গনার ক্যারিয়ারের জন্য গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে। একসঙ্গে এতগুলো ছবিতে উল্লেখযোগ্য এবং ব্যতিক্রমধর্মী চ্যালেঞ্জিং রোলে অভিনয়ের সুযোগ বলিউডের সব নায়িকার ভাগ্যে সব সময় জোটে না। এ ক্ষেত্রে কঙ্গনার জন্য অনেক সৌভাগ্য বয়ে এনেছে এ বছরটা। তার আগামী সমৃদ্ধ ভবিষ্যতের জন্য এ ছবিগুলো ভিত্তি হিসেবে বিবেচিত হবে—আমাদের প্রত্যাশা।