হিন্দি সিরিয়ালে সাধারণত দর্শক ফ্যামিলি ড্রামা বেশি পছন্দ করেন। এর পাশাপাশি পৌরণিক কাহিনীনির্ভর, সিরিয়ালের দর্শক সংখ্যাও কম নয়। দর্শক চাহিদার কারণে বিভিন্ন সময়ে ছোট পর্দায় ‘রামায়ন’, ‘মহাভারত’, ‘গণেশ লীলা’, ‘দেব কা দেব মহাদেব’-এর মতো হিন্দি পুরাণের চমকপ্রদ কাহিনীনির্ভর হিন্দি সিরিয়াল এসেছে এবং বিপুল জনপ্রিয়তা অর্জন করেছে। সম্প্রতি স্টার প্লাস চ্যানেলে শুরু হয়েছে বড় বাজেটে নির্মিত বড় ক্যানভাসের নতুন সিরিয়াল ‘মহাভারত’। যা সব বয়সী সব শ্রেণীর দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। ‘মহাভারত’ সিরিয়ালের নানা বিষয় তুলে ধরেছেন রেজাউল করিম খোকন
গত ১৬ সেপ্টেম্বর থেকে স্টার প্লাস চ্যানেলে শুরু হয়েছে বহুল আলোচিত এবং বিগ বাজটে তৈরি হিন্দি সিরিয়াল ‘মহাভারত’। হিন্দু পৌরাণিক কাহিনী হিসেবে ‘মহাভারত’-এর জনপ্রিয়তা ঘরে ঘরে। ‘মহাভারত’-এর নানা কাহিনী নিয়ে বহু নাটক, সিনেমা, যাত্রাপালা হয়েছে। যা দেখে দর্শক বারবার আলোড়িত হয়েছেন। হাস্তিনাপুরা রাজ্যের কাহিনী তুলে ধরা হয়েছে ‘মহাভারত’ সিরিয়ালে। ওই রাজ্য শাসন করে কুরু পরিবার। ওই পরিবারের প্রধান দুটি অংশ হাস্তিনাপুরা রাজ্যের শাসনভার করায়ত্ত করতে যুদ্ধে জড়িয়ে পড়ে। কৌরভ এবং পাণ্ডবরা পরস্পরের বিরোধে লিপ্ত হয়। কৌরভদের মধ্যে সবার বড় দুর্যোধন পাণ্ডবদের সবার বড় যুধিষ্ঠিরের চেয়ে বয়সে কম। দুর্যোধন এবং যুধিষ্ঠির উভয়েই রাজ্যের শাসনভার দাবি করে। তারপর শুরু হয় উভয়ের মধ্যে মহাযুদ্ধ, কুরুক্ষেত্র। কুরুক্ষেত্র দু’পক্ষের শ্রেষ্ঠত্ব অর্জনের লড়াই, রাজত্ব লাভের মরণপণ সংগ্রাম হিসেবে গণ্য হয়। যেখানে শুধুমাত্র বিরোধ এবং শত্রুতাই নয়, বন্ধুত্বের চরম নিদর্শন ফুটে ওঠে। যেখানে অর্জুন, দ্রৌপদী, কর্ণ, কৃষ্ণ, ভীষ্ম, শান্তুনু, গঙ্গা, সত্যবতী, পুরুষর্ম, অম্বা, কুন্তি, শকুনি, যুধিষ্ঠির, দুর্যোধন, শুভদ্রা, নকুল, সঞ্জয়, শিব চরিত্রগুলো এসেছে তাদের স্ব-স্ব বৈশিষ্ট্য নিয়ে। ১০০ কোটি রুপি বাজেটের বিশাল আয়োজনে নির্মিত ‘মহাভারত’ সিরিয়ালটি নিয়ে টিভি দর্শকদের আগ্রহ, কৌতূহলের কমতি ছিল না। সবাই অধীরভাবে অপেক্ষা করছিলেন। সিরিয়ালটি স্টার প্লাস চ্যানেলের জন্য একটি প্রেস্টিজিয়াস প্রোডাকশন হিসেবে বিবেচিত হচ্ছে। সিরিয়ালটির প্রচার শুরু হতে না হতেই টিআরপি রেটিংসে সর্বোচ্চ অবস্থানে পৌঁছে গেছে। গত তিন বছরে এতো সর্বোচ্চ টিআরপি রেটিংস পয়েন্ট আর কোনো টিভি শো অর্জন করতে সক্ষম হয়নি। সিরিয়ালটির প্রচার কাজেও বিরাট অঙ্কের বাজেট খরচ করা হয়েছে। ২০ কোটি রুপি এর মধ্যে খরচ করা হয়েছে ‘মহাভারত’ সিরিয়ালের প্রচার কাজে। অত্যাধুনিক কারিগরি প্রযুক্তির চমকপ্রদ ব্যবহার ‘মহাভারত’ সিরিয়ালটিকে আরও বেশি দর্শনীয় এবং আকর্ষণীয় করে তুলেছে। ’৮০-র দশকে বি আর চোপড়ার টিভি সিরিয়াল ‘মহাভারত’ একটি অনন্য ক্লাসিক হিসেবে বিবেচিত হয়েছিল। পুরোনো দিনের দর্শকরা আজও ভুলতে পারেনি সেই ক্লাসিক সিরিয়ালের কথা। আজকের নতুন ‘মহাভারত’ সিরিয়ালে বিভিন্ন চরিত্রে রূপদান করেছেন সাহির শেখ, (অর্জুন), পূজা শর্মা (দ্রৌপদী), আহম শর্মা (কর্ণ), সৌরভ রাজ জৈন (কৃষ্ণ), আরাভ চৌধুরী (ভীষ্ম), বিভানা সিং (গঙ্গা), পুনিত ইশার (পুরুষর্ম), পুনিত ভাট (শকুনি), মোহিত রায়না (শিব), রোহিত ভারদ্বাজ (যুধিষ্ঠির), অর্পিত রানকা (দুর্যোধন) প্রমুখ। স্টার প্লাস চ্যানেলে সপ্তাহের প্রতি সোম থেকে শুক্রবার রাত ৯টায় ‘মহাভারত’ সিরিয়ালটি দেখানো হয়।
