চারঘাটে সাংস্কৃতিক অনুষ্ঠান ‘বহিরাঙ্গন’ অনুষ্ঠিত

আপডেট : ০৯ অক্টোবর ২০১৩, ১৮:১৭
রাজশাহী বাংলাদেশ বেতার আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান ‘বহিরাঙ্গন’ চারঘাটের দর্শক-শ্রোতাদের কিছুক্ষণের জন্য মোহিত করে রেখেছিল। গত ৫ অক্টোবর চারঘাট পাইলট উচ্চবিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এই মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। শিশু ও নারী উন্নয়ন যোগাযোগ কার্যক্রম প্রকল্পের আওতায় বিশ্ব মাতৃদুগ্ধ পান সপ্তাহ উপলক্ষে এই আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসনের সহযোগিতায় তথ্য মন্ত্রণালয় ও ইউনিসেফ আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হারুনুর রশিদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য শাহরিয়ার আলম বিশেষ অতিথি ছিলেন তথ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মর্তুজা আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক ড. দেওয়ান শাহারিয়ার ফিরোজ, উপজেলা নির্বাহী অফিসার শরীফুন্নেসা, রাজশাহী বারিন্দ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. রফিকুল আলম, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক আনোয়ার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান জমেলা বেগম প্রমুখ। আলোচনা শেষে সন্ধ্যায় বাংলাদেশ বেতার আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ‘বহিরাঙ্গনে’ সংগীত পরিবেশ করবেন ক্লোজআপ তারকা বিউটি, শশী, লাইপা, আশিক, আতিক, বাউল শিল্পী আবু বকর সিদ্দিক এবং অভিনেতা ও গায়ক ফজলুর রহমান বাবু।