তথ্যই শক্তি, জানবো জানাবো, দুর্নীতিকে রুখবো—এ স্লোগানকে প্রতিপাদ্য করে নালিতাবাড়িতে দু’দিনব্যাপী আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস পালিত হয়েছে। সচেতন নাগরিক কমিটি (সনাক) ও টিআইবি নালিতাবাড়ি শাখা গত ২৮ ও ২৯ সেপ্টেম্বর শহীদ মিনার প্রাঙ্গণে এ তথ্যমেলার আয়োজন করে। দু’দিনব্যাপী অনুষ্ঠানে র্যালি, আলোচনাসভা ছাড়াও প্রথমদিন নালিতাবাড়ির ইয়েস গ্রুপ ও তারামণি খেলাঘর আসর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। দ্বিতীয় দিন বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা শেরপুর জেলা শাখার উদ্যোগে নৃত্যানুষ্ঠান পরিবেশিত হয়। তথ্যমেলা উদযাপন কমিটির আহ্বায়ক জোবায়দা খাতুনের সার্বিক সঞ্চালনায় সংগীত ও নৃত্যানুষ্ঠান দর্শক-শ্রোতাদের মন্ত্রমুগ্ধ করে রাখে।
