প্রচারের আলোর তীব্রতার এক প্রতিযোগিতা করলে অনায়াসেই শাকিব-জয়ার ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী’ চলচ্চিত্রটি সবাইকে ছাড়িয়ে শীর্ষে থাকবে। তবে মজার ব্যাপার হলো, প্রথম দিকে ছবিটির মূল প্রযোজক কে—এ নিয়ে বেশ একটা ধোঁয়াশা ছিল। অবশেষে আনকাট সেন্সর সার্টিফিকেটেই প্রকাশ পেল ছবিটির প্রযোজক কণ্ঠশিল্পী চন্দন সিনহা। চলচ্চিত্র প্রযোজনার এই নতুন উদ্যোগ প্রসঙ্গে প্রথমদিকে অস্বীকার করলেও সার্টিফিকেটেই প্রযোজক হিসেবে নিজের নাম নথিভুক্ত হওয়ায় এখন আর লুকোচুরির কিছু নেই। নিজের চলচ্চিত্র প্রযোজনা প্রসঙ্গে চন্দন সিনহা বলেন, ‘আড্ডা আলাপচারিতার ভেতর দিয়েই ছবিটি শুরু হয়। এর আগে এটি টেলিফিল্ম করার পরিকল্পনা ছিল। অবশেষে আমরা সকলে মিলেই স্বপ্নটাকে আরও বাড়িয়ে নিলাম। জয়া আহসান এ দেশের গুণী একজন অভিনেত্রী। পুরোদস্তুর কমার্শিয়াল ছবিতে তাকে কেমন দেখায়, দর্শকেরা কীভাবে নেয় সেই চিন্তাতেই এই ছবির কাজ শুরু। দর্শক-শ্রোতাদের ভেতরে যে সাড়া পাচ্ছি তাতে সত্যিই আমরা আশাবাদী। কারণ এই সময়ের চলচ্চিত্র নায়িকা সংকটে জয়া আহসানের মতো নায়িকা খুবই প্রয়োজন। একই সাথে একটি ভালো প্রোডাকশনের মাধ্যমে চলচ্চিত্র প্রযোজনার এই যাত্রা কেবল শুরু। আশা করছি দর্শকদের ভালো কিছু উপহার দেওয়ারই প্রাণান্ত চেষ্টা থাকবে। ছবিটি আনকাট সেন্সর পাওয়ার পর মনোবলটি আরও খানিকটা বেড়ে যায়। সবমিলিয়ে এখন দর্শকদের কাছেই রায়ের কপি। শেষটায় বিজয়ের হাসি নিয়েই সমাপ্ত বলতে চাই।’ ছবিটির চিত্রনাট্য করেছেন রুম্মন রশীদ খান। শফিউদ্দিন শাফির পরিচালনায় এ ছবিতে অভিনয় করেছেন—শাকিব খান, জয়া, আরেফিন শুভ প্রমুখ। ছবিটি এবারের ঈদে মুক্তি পাবে।
