টানা চার কার্যদিবস দরপতনের পর গতকাল বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক কিছুটা বেড়েছে। তবে লেনদেন হয়েছে খুব কম। এদিন দেশের প্রধান এ শেয়ারবাজারে লেনদেন হয়েছে ২২৫ কোটি টাকা। যা গত আড়াই মাসের মধ্যে সর্বনিম্ন। বাজার সংশ্লিষ্টরা বলছেন, ঈদ ও পূজা উপলক্ষে অনেক বিনিয়োগকারীই গ্রামে যেতে শুরু করেছেন। ফলে বাজারে তাদের অংশগ্রহণ কমে গেছে। এ ছাড়া সামনে রাজনৈতিক পরিস্থিতি নিয়েও বিনিয়োগকারীদের মধ্যে আশঙ্কা রয়েছে। যা বাজারে নেতিবাচক প্রভাব ফেলছে।
তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের দিনের তুলনায় ২৯ পয়েন্ট বেড়ে ৩ হাজার ৮২১ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস-৩০ সূচক ১১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৮৪ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ২২৫ কোটি ৮৪ লাখ ৯ হাজার টাকা। যা আগের দিনের চেয়ে ৩৯ কোটি ২৮ লাখ টাকা কম। লেনদেনকৃত ২৮০টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ১৯৩টির, কমেছে ৬১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টি কোম্পানির শেয়ারের।
এদিকে অস্বাভাবিক দরবৃদ্ধির প্রেক্ষিতে আগের কয়েকটি কোম্পানির অনুসরণ করে সতর্ক বার্তা দিয়েছে সিএমসি কামাল কোম্পানির কর্তৃপক্ষ। গতকাল বুধবার ডিএসই’র মাধ্যমে এ বার্তা দেয়া হয়। এতে বলা হয়, এমন কোনো অপ্রকাশিত সিদ্ধান্ত বা তথ্য নেই, যা উদ্যোক্তা বা পরিচালকদের শেয়ার ক্রয়-বিক্রয়ে শেয়ার দরে কোনো প্রভাব পড়ে। ডিএসই জানিয়েছে, পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ক্যাটাগরি পরিবর্তন হয়ে ‘বি’ ক্যাটাগরিতে উঠে এসেছে। কোম্পানির ৩১ ডিসেম্বর ২০১২ সমাপ্ত অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদেরকে ৮ শতাংশ লভ্যাংশ প্রদান করায় প্রতিষ্ঠানটি ‘জেড’ থেকে ‘বি’ ক্যাটাগরিতে উঠে এসেছে। আজ বৃহস্পতিবার থেকে পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের কার্যক্রম ‘বি’ ক্যাটাগরিতে হবে।
