দলকে ভালো অবস্থানেই দেখছেন নাসির

আপডেট : ০৯ অক্টোবর ২০১৩, ২১:৩৩
কখনো স্পিন করেন, কখনো পেস বোলিং; তাও আবার টেস্ট ক্রিকেটে! সঙ্গে মূল পরিচয় ব্যাটসম্যান। কী ভাবছেন, গ্যারি সোবার্স! না, বাংলাদেশের নাসির হোসেন। স্যার গ্যারফিল্ড সোবার্সের সঙ্গে সুদূরতম তুলনা হয়েছে শুনলে নাসির নিজেই লজ্জায় লাল হয়ে যাওয়ার কথা; বর্তমান বিশ্বের কোনো ক্রিকেটারই সে তুলনার স্বপ্ন দেখেন না নিশ্চয়ই। তবে কাল বল হাতে নাসির হঠাত্ যে চমক দিলেন, তাতে অন্তত এক পলকের জন্য স্যার সোবার্সের মতো ‘মূল্যবান’ বলে মনে হচ্ছিল বাংলাদেশি এই ব্যাটিং অলরাউন্ডারকে। নাসিরের একেবারে বাজে একটা বলে পিটার ফুলটনের আউটের ভেতর দিয়েই আসলে খেলায় ফিরে এলো বাংলাদেশ। ওই আউটের আগে নিউজিল্যান্ড ১ উইকেটে ১৮৩ রান করে রান-পাহাড় গড়ার ইঙ্গিত দিচ্ছিল। সেই নিউজিল্যান্ডই দিনশেষে ২৮০ রান তুলতে যে ৫ উইকেট হারিয়ে ফেললো, তার কারণ নাসিরের ওই ‘ব্রেক থ্রু’! জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুই টেস্ট সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনশেষে সংবাদ সম্মেলনে এসে নাসির হোসেন নিজেও ওই উইকেট নিয়ে বিস্ময়টা ঢাকতে পারলেন না। পরিষ্কার স্বীকার করে নিলেন যে, একেবারে চার মারার উপযোগী বল ছিল সেটা, ‘সত্য কথা বলি, বলটা ছিল অনেক বাজে বল। বলটা হাত থেকে ছোটার পরই আমি মনে করছি ওটা চারের বল। উইকেট পাইছি ওটা আসলে...। থাক, নো কমেন্টস।’ নিজের পাওয়া উইকেট নিয়ে ‘কমেন্ট’ করতে লজ্জা পেলেও শেষ পর্যন্ত প্রথম দিনে নিজের পারফরম্যান্স নিয়ে বেশ সন্তুষ্ট এই তরুণ ব্যাটসম্যান। বিশেষ করে যেভাবে বাংলাদেশের বোলাররা শেষ সেশনে খেলায় ফিরে এসেছে, তাতে নাসির অন্তত মনে করছেন, বাংলাদেশ খুব ভালো অবস্থায় আছে, ‘আমাদের শুরুটা যেভাবে হয়েছিল, শেষ এক ঘণ্টায় সেখান থেকে কামব্যাক করেছি। শেষ ঘণ্টায় আমরা ওদের তিনজন ব্যাটসম্যানকে ফেরত পাঠাতে পেরেছি। আমি বলবো ম্যাচটা এখনো আমাদের হাতেই আছে, আমরা খুব ভালো অবস্থানে আছি।’ তবে নাসির খুব ভালো করেই জানেন, এই ‘খুব ভালো’ অবস্থানটা আসলে ভালো থাকবে কিনা, সেটা নির্ভর করবে আজ সকালে তাদের আক্রমণ কেমন হয়, তার ওপর। আজ দ্রুত নিউজিল্যান্ডের লেজ ছেঁটে ফেলাটাই হবে বাংলাদেশের লক্ষ্য। নাসির আরও পরিষ্কার করে বললেন, প্রথমত তারা চারশ রানের নিচে অলআউট করে দিতে চান নিউজিল্যান্ডকে, ‘ওরা এখান থেকে চারশ করতে চাইবে। আমাদের পরিকল্পনা থাকবে, চারশ করতে দিবো না। আর সবচেয়ে বড় কথা, ওরা কত রান করবে সেটা আমাদের দেখার বিষয় না। ওদের কত তাড়াতাড়ি আউট করতে পারবো সেটাই আমাদের মূল লক্ষ্য।’ এই দ্রুত আউট করাটা উইকেটের চরিত্রের জন্যও জরুরি বলে মনে করছেন নাসির। মাঠে থেকেই দেখেছেন, উইকেট কেমন দ্রুত ভাঙছে। ফলে তাড়াতাড়ি নিজেরা ব্যাটিংয়ে না নামলে উল্টো বিপদ হতে পারেও বলে ভয় পাচ্ছেন তিনি, ‘ব্যাটিং যতদিন যাচ্ছে উইকেট ভাঙ্গছে। উইকেট ভাঙ্গলে বল টার্ন করে। আমাদের প্রস্তুতি আছে। দ্বিতীয় ইনিংসে বেশি টার্ন করবে।’ উইকেটের চরিত্রের কারণে শুধু যে এই শঙ্কায় ভুগছেন, তা নয়। মনে হল, নাসির একটু ক্ষুব্ধই। উইকেট তারা যেমন আশা করেছিলেন, তেমন টার্নিং হয়নি বলে প্রকাশ্যেই বলে দিলেন, ‘আমরা আশা করছিলাম উইকেট আরেকটু টার্নিং হবে। আসলে আমরা যতটা আশা করছি ততটা টার্ন করেনি। বিকেলে শেষ আধঘণ্টা একটু টার্ন করেছে। আশা করছি কাল থেকে বিকেলে যেমন টার্ন করছে তেমন থাকবে।’ এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে রীতিমতো উইকেট প্রস্তুতির দিকেও ইঙ্গিত করে নাসির বললেন, ‘নিউজিল্যান্ড এই মাসে আসবে, আমরা দুই বছর আগ থেকে জানতাম। আশা করেছিলাম স্পিন ট্র্যাক হবে। উইকেটটা আমার মনমতো হয়নি। স্পিনিং উইকেট হলে হয়তো আজকে আমরা ব্যাটিং করতাম। আজকে হয়নি কাল যত তাড়াতাড়ি সম্ভব ওদের অলআউট করবো।’ নিউজিল্যান্ড-বাংলাদেশ প্রথম টেস্ট, প্রথম দিন নিউজিল্যান্ড : ১ম ইনিংস রান বল ৪ ৬ পিটার ফুলটন ক মোমিনুল ব নাসির ৭৩ ১৯৮ ৭ ১ হামিশ রাদারফোর্ড ক রাজ্জাক ব সোহাগ ৩৪ ৫৫ ৩ ১ কেন উইলিয়ামসন এলবিডাব্লিউ ব সাকিব ১১৪ ২১০ ১২ ০ রস টেইলর ক সাঈম (বদলি) ব রাজ্জাক ২৮ ৪৭ ২ ১ ব্রেন্ডন ম্যাককলাম এলবিডাব্লিউ ব রাজ্জাক ২১ ২৫ ৩ ০ ব্রুস মার্টিন ব্যাটিং ০ ৪ ০ ০ অতিরিক্ত (বা-৪, লেবা-৬) ১০ মোট ৮৯.৫ ওভারে ২৮০/৫ উইকেট পতন : ১/৫৭, ২/১৮৩, ৩/২৪৪, ৪/২৭৬, ৫/২৮০ বোলিং :রবিউল ১০-২-১৬-০, রুবেল ১৩-১-৪৪-০, রাজ্জাক ৩১.৫-৪-১০০-২, সোহাগ ২৩-৪-৫৬-১, সাকিব ৮-২-৩৪-১, মার্শাল ২-০-১৫-০, নাসির ২-০-৫-১