বিশ্বকাপ বাছাই

আর্জেন্টাইন কোচের সামনে খেলোয়াড় পরখের সুযোগ

আপডেট : ০৯ অক্টোবর ২০১৩, ২১:৩৪
আগামী বছর ব্রাজিলে অনুষ্ঠেয় বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলা নিশ্চিত হওয়ায় আর্জেন্টিনার কোচ আলেসান্দ্রো সাবেলা এখন পরীক্ষা-নিরীক্ষার সুযোগ পাচ্ছেন। সে কারণেই নিজ মাঠে পেরু ও এরপর উরুগুয়েতে গিয়ে খেলার জন্য আর্জেন্টিনাভিত্তিক কয়েকজন খেলোয়াড়কে ডেকেছেন তিনি। বিশ্বকাপ বাছাইয়ে পেরুর সাথে খেলাটি হবে শনিবার সকালে। অপরদিকে সাবেলার দল উরুগুয়ের মাঠে নামবে বুধবার। এর আগে দক্ষিণ আমেরিকা অঞ্চলের খেলায় আগামীকাল শুক্রবার রাতে ভেনেজুয়েলা-প্যারাগুয়ে, ইকুয়েডোর-উরুগুয়ে ও কলম্বিয়া-চিলি মুখোমুখি হবে। তাছাড়া বেশ কয়েকজন খেলোয়াড় ইনজুরির কারণে দল থেকে সরেও দাঁড়িয়েছেন। এর মধ্যে আছেন পায়ের ইনজুরির মধ্যে থাকা অধিনায়ক লিওনেল মেসি। সাবেলা অবশ্য প্রাথমিক তালিকায় মেসিকে রেখেছিলেন। কিন্তু চূড়ান্ত পর্বে খেলা নিশ্চিত হওয়ায় এখন তিনি আর মেসিকে খেলানোর ঝুঁকি নিচ্ছেন না। সেজন্য তিনি বার্সেলোনা স্ট্রাইকারটিকে অব্যাহতি দিয়েছেন। আর্জেন্টিনার ফুটবল এসোসিয়েশনের দেয়া তথ্য অনুযায়ী ইনজুরির কারণে সরে দাঁড়ানোরা হলেন মেসি, জ্যাভিয়ের ম্যাশেরানো, রিকি অ্যালভ্যারেজ, হুগো ক্যাম্পাগনারো ও গঞ্জালেস হিগুয়েন। এর আগে ফার্নান্দো গ্যাগো ও ক্রিস্টিয়ান অ্যানসালদি একই কারণে বিশ্বকাপ বাছাইয়ে দুটি ম্যাচ খেলতে পারেননি। এ সুযোগে কোচ সাবেলা আর্জেন্টিনায় ঘরোয়া লিগে খেলেন এরকম বেশ কয়েকজনকে ডেকেছেন। তারা হলেন অগাস্টিন ওরিয়ন (বোকা), ম্যাক্সি রদরিগেজ (নিওয়েল ওল্ড বয়েজ), সেবাস্তিয়ান ডোমিনগুয়েজ (ভেলেজ সার্সফিল্ড) ও রদরিগো ব্রানা (কুইলমেস)।