তানোরে স্বাস্থ্যকর্মীর দায়িত্ব ও কর্তব্যে অবহেলায় অতিরিক্ত ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খেয়ে এক শিশু অসুস্থ হয়ে পড়েছে। গুরুতর অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় অভিভাবকদের মধ্যে উদ্বেগ-উত্কণ্ঠা ও অসন্তোষ দেখা দিয়েছে। এদিকে ঘটনাটি ধামাচাপা দিতে স্থানীয় স্বাস্থ্য বিভাগ দৌড়ঝাপ শুরু করেছে বলে অভিযোগ উঠেছে। এলাকাবাসী অভিযুক্ত মাঠকর্মীর শাস্তির দাবিতে রাজশাহীর সিভিল সার্জন ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে লিখিত অভিযোগ দিয়েছে।
জানা গেছে, ৫ অক্টোবর উপজেলার কৃষ্ণপুর গ্রামে শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানোর দায়িত্ব ছিল স্বাস্থ্যকর্মী মোকছেদুর রহমানের। কিন্তু তিনি ক্যাম্পে গিয়ে শিশুদের সরাসরি ক্যাপসুল না খাইয়ে বিভিন্নজনের কাছে বণ্টন করেন। এরই অংশ হিসেবে মোকছেদুর রহমান উক্ত গ্রামের সিরাজ উদ্দিনকে ২৫টি ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল দেন। সিরাজুল ক্যাপসুল গ্রামের অন্য শিশুদের না দিয়ে নিজ বাড়িতে নিয়ে রাখেন। সেখান থেকে সিরাজুলের নাতি স্কুলছাত্রী জেসমিন তার ছোট ভাই শিশু রাফিকুল ইসলামকে (২) একই সঙ্গে কয়েকটি ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ায়। এতে রাফিকুল সজ্ঞাহীন হয়ে পড়ে। স্বজনরা তাকে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে রামেক হাসপাতালে পাঠানো হয়। সংশ্লিষ্ট চিকিত্সকরা জানিয়েছেন, শিশুটি এখনো আশঙ্কামুক্ত নয়।
